তৃণমূল ও বিরোধীদের সংঘর্ষে বোর্ড গঠন স্থগিত হয়ে যায় কালিয়াগঞ্জের মুস্তাফানগর গ্রামপঞ্চায়েতের । আর এই বোর্ড গঠন না হওয়ায় স্বাভাবিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ । নানা রকম হয়রানি ও সমস্যায় পড়তে হচ্ছে তাদের । বোর্ড গঠন নিয়ে তৃণমূল ও বিজেপি দু’পক্ষ একে অপরকে দোষারোপ করে চললেও কবে এই বোর্ড গঠন হবে তা নিয়ে কোনও সদুত্তর দিতে পারেননি ব্লক প্রশাসন ।
কালিয়াগঞ্জ ব্লকের ৮ টি গ্রামপঞ্চায়েতের মধ্যে ৭ টি পঞ্চায়েতে বোর্ড গঠন হলেও মুস্তাফানগর গ্রামপঞ্চায়েতে এখনও বোর্ড গঠন হয়নি আর তার জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ । গত ৯ আগষ্ট মুস্তাফানগরে বোর্ড গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিরোধীরা । পেট্রোল বোমা ছোঁড়ার পাশাপাশি, গ্রাম পঞ্চায়েতে ভাঙচুর করা হয় বলেও অভিযোগ উঠছে । এরপরই পঞ্চায়েতের বোর্ড গঠন স্থগিত করে দেওয়া হয় । মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েত ভোটে ৩০ টি আসনের মধ্যে তৃণমূল ১৩, বিজেপি ৮ টি,সিপিএম ২টি,কংগ্রেস ৩ টি ও নির্দলের ৪ টি আসন পায় ।
এরপর ৯ আগষ্ট বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূল ও মহাজোটের মধ্যে সংঘর্ষের ফলে বোর্ড গঠন থমকে যায় । বোর্ড গঠন না হওয়ায় স্বাভাবিক পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ; অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ ।
সাধারণ মানুষ চাইছেন যে রাজনৈতিক দলই বোর্ড গঠন করুক না কেন দ্রুত যেন পঞ্চায়েতের বোর্ড গঠন করা হয় । অন্যদিকে এই বিষয় নিয়ে কালিয়াগঞ্জের বিজেপির মন্ডল সভাপতি বেনু দেবশর্মা তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়েছেন । তিনি বলেন, বোর্ড গঠনের দিন তৃণমূল সন্ত্রাস করে বোর্ড গঠন আটকে দিয়েছে । ওদিন মহাজোট বোর্ড গঠন করত কিন্তু তৃণমূল ক্ষমতা লাভের জন্য সেদিন বোর্ড গঠন থমকে দেয় ।
যদিও তৃণমূল এই অভিযোগ মানতে নারাজ । তৃণমূলের ব্লক সভাপতি নিতাই বৈশ্য জানান,তৃণমূলের ২ জন প্রতিনিধিকে ভুল বুঝিয়ে নিয়ে বিরোধীরা বোর্ড গঠন করতে চাইছিল এবং জয়ী সার্টিফিকেট না নিয়ে এসে জোর পূর্বক বোর্ড দখল করতে গেলে ঝামেলার সৃষ্টি হয় । এরপরই বোর্ড গঠন স্থগিত করে দেওয়া হয় । তবে দ্রুত যাতে বোর্ড গঠন করা হোক সেই দাবি জানিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি । অন্যদিকে কবে বোর্ড গঠন করা হবে এই বিষয় নিয়ে কালিয়াগঞ্জের বিডিও প্রশান্ত রায়ের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনও বোর্ড গঠন নিয়ে জেলা প্রশাসনের তরফ থেকে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

