ধূপগুড়ি, জলপাইগুড়ি: সাতসকালে জোড়া মৃতদেহ উদ্ধার হওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ধূপগুড়িতে । শনিবার সকালে ধূপগুড়ি পুর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের কলোনী পাড়ায় বস্তাবন্দি মহিলা এবং সাকোয়াঝোড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মল্লিকশোভা এলাকায় গলার নলি কাটা অবস্থায় এক পুরুষের মৃতদেহ উদ্ধার হয়েছে ।
দু’টি ঘটনাতেই পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করেছে । কলোনীপাড়া এলাকার ঘটনায় মৃতের নাম পুষ্প গাইন; তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর । তার মেয়ের অভিযোগ, মহিলার শরীরে থাকা অলংকারের প্রলোভনেই কেউ তার মাকে খুন করতে পারে । বাড়ির অদূরেই কেউ খুন করে ড্রেনের পাশে ফেলে রাখতে পারে তাঁর মাকে । মহিলাকে স্থানীয়রা দেখতে পেয়ে পরিবারকে খবর দেন । পরিবারের লোকেরাই বস্তা থেকে মহিলার মৃতদেহ বের করেন । তবে ঘটনায় এখনই পুলিশ কিছুই বলতে নারাজ ।
অপরদিকে মল্লিকশোভা এলাকার ঘটনায় মৃতের নাম শান্তি রায়, তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর । বাড়ির পাশেই বাঁশঝোপের নীচে চা বাগানের ড্রেনে মৃতদেহ উদ্ধার হয় তাঁর । স্থানীয়দের কথায়, নলিকাটা অবস্থায় মৃতদেহ দেখা যায় এদিন । পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় । এর আগেও শান্তি রায় নিজেই নিজের গলায় ছুড়ি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে দাবী উঠেছে । তবে এদিন আদতে কি হয়েছিল, তা এখনও স্পষ্ট নয় । ধূপগুড়ি থানার পুলিশ অবশ্য দু’টি ঘটনাতেই প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

