পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মৃত্যু মিছিল যেন থামতেই চাইছে না। ভোট নিয়ে রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হল আরও একজনের। বছর ৬২-র নিহতের নাম আজাহার লস্কর ।
দক্ষিন ২৪ পরগনার বাসন্তীর জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের রাধারানীপুরের বাসিন্দা তিনি। ২৪১ নম্বর বুথের সামনে পঞ্চায়েত নির্বাচনের দিন শনিবার সন্ধ্যায় তৃণমূল ও আরএসপির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে গুরুতর জখম হন উভয়পক্ষের অন্তত দশজন। আহতদেরকে উদ্ধার করে প্রথমে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়।
অবস্থার অবনতি হলে রাতেই আজাহার লস্করকে ক্যানিং মহকুমা হাসপাতাল ও পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে দীর্ঘদিন ধরে চিকিৎসার পর বাড়ি ফেরেন।
তবে দু’দিনের মধ্যেই ফের অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় একটি নার্সিং হোমে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসার পর অবশেষে শুক্রবার ভোরে মৃত্যু হয় তাঁর। তিনি সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন বলেই দাবি পরিবারের। নির্বাচনের দিন ভোট গ্রহনের পর ব্যালট বাক্স লুট করার চেষ্টা করছিল আরএসপি, তাতেই বাধা দিতে যান আজাহার সহ অন্যান্য তৃণমূল কর্মীরা। তখনই দুপক্ষের মধ্যে অশান্তি হয়। এই মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

