পশ্চিম বর্ধমান: আসানসোলের এক ব্যবসায়ীর ১৩ বছরের নাবালিকা কন্যার মাথা লক্ষ্য করে চালানো হল গুলি । সোমবার রাতে এই ঘটনাটি ঘটেছে বলে সূত্রের খবর । আপাততঃ আশঙ্কাজনক অবস্থায় দূর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি হাসপাতালে ওই নাবালিকা চিকিৎসাধীন রয়েছে ।
বুধবার দুপুরে ওই বেসরকারি হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট প্রবীর মুখোপাধ্যায় জানিয়েছেন, ১৩ বছরের ওই নাবালিকার বাবা সুব্রত মাঝি ওরফে বাচ্চু আসানসোল উত্তর থানার আসানসোল পুরনিগমের গাড়ুই এলাকার বাসিন্দা। সোমবার রাতে এই ঘটনা ঘটলেও, মঙ্গলবার রাত পর্যন্ত আসানসোল উত্তর থানার পুলিশের তরফে কিছু জানানো হয় নি। তবে এদিন দুপুরে ওই বেসরকারি হাসপাতালের তরফে নাবালিকার গুলিবিদ্ধ হয়ে ভর্তি থাকার কথা স্বীকার করা হলে পুলিশ কিছুটা হলেও অস্বস্তিতে পড়ে। হাসপাতালের কাছ থেকে ঘটনা জানার পরে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।
ওই বেসরকারি হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট এদিন বলেন,’ সোমবার রাত দশটা নাগাদ আসানসোলের বাসিন্দা ওই ১৩ বছরের নাবালিকাকে আনা হয়। পরিবারের তরফে বলা হয়, মাথায় গুলি লেগেছে। সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন ধরণের পরীক্ষা শুরু করি । মাথার এক্সরে করানো হয়; তারপর জানা যায়, একটা গুলি মাথার বাঁদিক দিয়ে ঢুকে, ডানদিক থেকে বেরিয়ে গেছে। কিন্তু খুব কাছ থেকে বা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চলে যাওয়ার মাথায় ভেতরে অনেক ক্ষতি হয়েছে। সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করা হয়েছে। এদিন একটা ছোট অস্ত্রোপচার করা হয়েছে। তবে তার আগে নাবালিকার শারীরিক অবস্থার খুব অবনতি হয়েছে। এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে ওই নাবালিকাকে’। যদিও পরিবারের তরফে এই ঘটনা নিয়ে কোন মন্তব্য করা হয় নি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

