যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যু!

।। স্বর্ণালী মান্না ।।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সামনে উঠে এল ছাত্রমৃত্যু । বুধবার বাড়িতে ফোন করে মা-কে জানিয়েছিলেন তিনি ভাল নেই । পাশাপাশি তাড়াতাড়ি নিজের কাছে আসতেও বলেছিলেন তাঁকে । এর পরই সব শেষ । হোস্টেলের তিন তলার বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় নদিয়ার বাসিন্দা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর ।

যাদবপুর হোস্টেলের আবাসিকদের সুত্র অনুযায়ী জানা যাচ্ছে, বুধবার রাতে হঠাৎই তাঁরা একটি শব্দ পান । শব্দ পেয়েই নিজেদের ঘর থেকে বেরিয়ে এসে তাঁরা স্বপ্নদীপকে রক্তাক্ত অবস্থায় নীচে পড়ে থাকতে দেখেন । ওই অবস্থায় তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় ওই পড়ুয়ার ।

অন্যদিকে স্বপ্নদীপের পরিবারের পক্ষ থেকে অভিযোগ আনা হচ্ছে এই ঘটনার নেপথ্যে রয়েছে র‍্যাগিং । বৃহস্পতিবার স্বপ্নদীপের পরিবার র‍্যাগিংয়ের অভিযোগ তুলে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন; পাশাপাশি অভিযোগ জানানো হয় বিশ্ববিদ্যালয়ও । সেই অভিযোগের ভিত্তিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন ।

ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, পাশাপাশি মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে । একই সঙ্গে পুলিশ সুত্রে জানা যাচ্ছে, ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি ।

এত বড় একটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরণের দুর্ঘটনা নিঃসন্দেহে পড়ুয়া সহ অভিভাবকদের মধ্যে আশঙ্কা সৃষ্টি করে । তাহলে নেপথ্যে কি নিছকই অসাবধানতা না কি কোথাও খোঁজ মিলছে র‍্যাগিংয়ের?  বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে এমন রহস্যজনকভাবে ছাত্রের মৃত্যুর জেরে উঠছে অনেক প্রশ্ন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube