।। স্বর্ণালী মান্না ।।
রাজ্যসভায় চলছে বাদল অধিবেশন । মঙ্গলবার রাজ্যসভায় তুমুল হট্টগলের জেরে বাকি অধিবেশনের জন্য তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে সাসপেন্ড করার কথা ঘোষণা করলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় ।
মণিপুর নিয়ে তুলকালাম চলছে গোটা দেশে । বারবার প্রধানমন্ত্রীর তরফ থেকে আলোচনা চেয়েও বিফল হয়েছেন বিরোধীরা । মঙ্গলবার সেই মণিপুরকাণ্ড নিয়েই আবারও আলোচনার দাবি তোলেন তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন । এরপর তাঁকে সতর্ক করে দেন চেয়ারম্যান ।
অধিবেশনের পরবর্তীকালে সাংসদ ডেরেক ও’ব্রায়েনের বিরুদ্ধে অভিযোগ আনেন বিজেপি সাংসদ পীযূষ গোয়েল । তাঁর অভিযোগ, তৃণমূলের সাংসদ বাদল অধিবেশনে বিশৃঙ্খলা এনে বাধা সৃষ্টি করছেন । একই সঙ্গে তিনি জানান, ডেরেক ও’ব্রায়েন চেয়ারম্যানকে অসম্মান করে চলেছেন; যার জেরে তাঁকে ‘সাসপেন্ড’ করার দাবি তোলেন বিজেপি সাংসদ । এবং এর পরেই উচ্ছৃঙ্খলতা ও চেয়ারম্যানের নির্দেশের প্রতি অবমাননার অভিযোগে ডেরেককে সাসপেন্ড করার কথা ঘোষণা করলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় ।
সম্প্রতি অধিবেশন শুরু হতেই নানা বিষয়ে উত্তপ্ত হয়ে উঠতে থাকে সংসদ । শুধু তাই নয় অশান্তির জেরে মুলতুবিও হয়ে যায় সংসদ । এমনকি সোমবারও এর অন্যথা হয়নি । এর রেশ দেখা যায় মঙ্গলবারের অধিবেশনেও । এদিন রাজ্যসভার চেয়ারম্যানের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তৃণমূলের সাংসদ ।
প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবারও সংসদে অধিবেশন চলাকালীন তৃণমূল সাংসদের আচরণে ক্ষুব্ধ হন রাজ্যসভার চেয়ারম্যান । সেদিনও তাঁকে শুধুমাত্র সতর্ক করেছিলেন তিনি । তবে আজ সরাসরি তাঁকে সাসপেন্ড করার কথা ঘোষণা করে দেন ধনখড় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

