ফিরে পেলেন সাংসদ পদ, সংসদে আবার দেখা যাবে রাহুল গান্ধীকে

।। স্বর্ণালী মান্না ।।

আবার সংসদে দেখা যাবে রাহুল গান্ধীকে । শুক্রবার তাঁর শাস্তির উপর স্থগিতাদেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট । আর সোমবার রাহুল গান্ধী ফিরে পেলেন তাঁর সাংসদ পদ । সুত্রের খবর, সোমবার স্পিকার ওম বিড়লার সচিবালয় থেকে রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় ।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে কর্নাটকের প্রচারে ‘মোদী’ পদবি নিয়ে অবমাননাকর বক্তৃতা দেন রাহুল গান্ধী । তার জেরেই মামলা দায়ের করা হয় তাঁর বিরুদ্ধে । মামলার শুনানিতে গত ২৩ মার্চ তাঁকে দোষী সাব্যস্ত করে সুরাতের আদালত । এই মামলায় শাস্তি স্বরূপ তাঁকে দু’বছরের কারাদণ্ড দিয়েছিলেন ভারপ্রাপ্ত বিচারক । আর এই শাস্তির জেরেই খারিজ হয়ে যায় তাঁর সাংসদ পদ । জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী কোনও অপরাধে দোষী সাব্যস্ত হলে পরে যদি সাংসদ অথবা বিধায়কের ২ বছরের কারাদণ্ডের শাস্তি দেওয়া হয় তাহলে তাঁর সাংসদ অথবা বিধায়কের পদটি খারিজ হয়ে যায় । পাশাপাশি আগামী ৬ বছরের জন্য কোনও নির্বাচনে লড়াই করাতেও বাধা হয়ে দাঁড়ায় এহেন শাস্তি ।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, সুরাতের আদালত রাহুলকে ২ বছরের কারাদণ্ডের শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট কারণ দেখাতে পারেনি । তাই শুক্রবার উচ্চ আদালতের দেওয়া স্থগিতাদেশের পর কংগ্রেস তৎপর হয়ে ওঠে রাহুলকে তাঁর সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার জন্য । কংগ্রেস নেতৃত্বরা এই বিষয়ে লোকসভায় আর্জিও জানান । পরবর্তীতে, সোমবারের লোকসভার অধিবেশনে রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা । অন্যদিকে আগামী মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছেন বিরোধীরা । সে ক্ষেত্রে লোকসভায় উপস্থিত থাকবেন রাহুল ।

এদিন রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরে পাওয়ায় রীতিমতো খুশির মেজাজে রয়েছেন কংগ্রেস নেতৃত্ব । একদিকে যেমন সোনিয়া গান্ধীর বাসভবনের সামনে ঢোল বাজিয়ে খুশি উদযাপন করা হয়; অন্যদিকে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে মিষ্টিমুখ করালেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube