হাওড়ায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । এই পরিস্থিতিতে ডেঙ্গু মোকাবিলায় তৎপর হাওড়া করপোরেশন । বৃষ্টি শুরু হতেই হাওড়া পুরসভা এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে । ওয়ার্ডগুলিতে অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন বলেই মিলছে খবর । মোকাবিলা করতে কর্পোরেশন ওয়ার্ডে ওয়ার্ডে চালাচ্ছে সচেতনতামূলক প্রচার । বিভিন্ন এলাকায় নর্দমায় ও ছোটো জলাশয়গুলোতে ছাড়া হচ্ছে গাপ্পি মাছ ।
বুধবার এই মাছ ছাড়ার প্রক্রিয়া শুরু করলো কর্পোরেশন । এদিন পুর কমিশনার ধবল জৈনকে সঙ্গে নিয়ে কর্পোরেশনের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তি হাওড়া কর্পোরেশন অর্থাৎ এক্কেবারে নিজ দপ্তরের লাগোয়া নর্দমায় এই মাছ ছেড়ে এদিন এই কর্মসূচির সূচনা করলেন । কর্পোরেশন এলাকার বিভিন্ন ওয়ার্ডে কর্মরত স্বাস্থ্য কর্মীদের হাতে সেই মাছ তুলে দেন তিনি । যেগুলি সেই স্বাস্থ্য কর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বিভিন্ন নর্দমায়, জমেথাকা জলে ছাড়বেন । এই মাছ মশার লার্ভা খেয়ে নেয় । এদিন সুজয় চক্রবর্তি বলেন, কর্পোরেশন ডেঙ্গু মোকাবিলায় সর্বতভাবে প্রস্তুত । এলাকায় এলাকায় সচেতনতামূলক প্রচার কাজ চালানো হচ্ছে । স্বাস্থ্য বিভাগও সক্রিয় রয়েছে এই বিষয়ে ।স্বাস্থ্য কর্মীরা বাড়িবাড়ি ঘুরে পরিস্থিতির ওপর নজর রাখছেন ।
পাশাপাশি তিনি আরও জানান, ডেঙ্গু নিয়ে মানুষকেও সচেতন হতে হবে । আবর্জনা পরিষ্কার না করায় ইতিমধ্যেই প্রায় ১৫০০ বাড়িকে নোটিশ পাঠানো হয়েছে, ৫০ জনের বিরুদ্ধে হয়েছে মামলা । গত জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত প্রায় ৭১ জন ডেঙ্গুতে আক্রান্ত হলেও হাসপাতালে ভর্তি থাকা বা কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি । গত বছরের তুলনায় এবছর এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা কম । এদিন প্রথম ধাপে সাড়ে আট লক্ষ গাপ্পি মাছ ছাড়া হচ্ছে, দ্বিতীয় দফায় আরও সাড়ে আট লক্ষ মাছ ছাড়া হবে ।
স্বাস্থ্য কর্মী অনিতা সিং বলেন, তারা বাড়িবাড়ি গিয়ে মানুষের স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার সাথেসাথে ডেঙ্গু মোকাবিলায় মানুষকে যা যা সাবধানতা অবলম্বন করার দরকার সে বিষয়ে অবগত করছেন এবং প্রয়োজনে তারা নিজেরাও বাড়ির পরিস্থিতি খতিয়ে দেখছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

