লোকসভা কেন্দ্রে বহিরাগত প্রার্থী নয়, একেবারে ভূমিপুত্র কিংবা ভূমিপুত্রি চাই । এমন দাবি জানিয়ে রায়গঞ্জে পড়ল পোস্টার । আর পোস্টারকে ঘিরে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । তবে কি এবারের লোকসভা নির্বাচনে দলীয় নীতি, আদর্শের চাইতে স্থানীয় প্রার্থীই ইস্যু হতে চলেছে রায়গঞ্জে, প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে ।
লোকসভা ভোট হতে আর কয়েকমাস বাকি । প্রত্যেক রাজনৈতিক দল লোকসভা ভোট নিয়ে ধীরে ধীরে তাদের প্রস্ততি শুরু করেছে । তারমাঝেই, লোকসভায় প্রার্থী ভূমি পুত্র কিংবা পুত্রি চাই বলে পোস্টার পড়ায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে রায়গঞ্জে । যেখানে নাগরিকবৃন্দের নাম করে পোস্টার দেওয়া হয়েছে । যাতে লেখা রয়েছে “আর নয় বঞ্চনা । ৫ নং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আগামী নির্বাচনে বহিরাগত প্রার্থী নয়, ভূমিপুত্র/ পুত্রিদের প্রার্থী করতে হবে । প্রচারে উত্তর দিনাজপুর জেলা নাগরিক বৃন্দ” । যদিও এই পোস্টার কে বা কারা লাগিয়েছে তা স্পষ্ট নয়, কিন্তু এই পোস্টার একদল বিক্ষুব্ধ বিজেপি সমর্থকদের লাগানো বলে দাবি করছে সিপিএম । সিপিএম নেতা তীর্থ দাস জানান, লোকসভা ভোটে বহিরাগত বলে কিছু হয়না তবে এই পোস্টার বিজেপির লাগানো যা পোস্টারের রঙ দেখেই মনে হচ্ছে ।
অন্যদিকে কংগ্রেস নেতা তুষার গুহ জানান, রায়গঞ্জবাসী এই ধরণের পোস্টার লাগাতে পারেন না । আর কংগ্রেসের তরফ থেকে কেউ কোনওদিন বহিরাগত ছিল না ।তিনি আরও জানান, প্রিয়রঞ্জন দাশমুন্সি এই জেলার ভূমিপুত্র ছিলেন দীপা দাশমুন্সীও এই জেলারই লোক, তাই বিহারগত তত্ত্বটি ভুল । তাঁর দাবি, এটি আসলে বিজেপির গোষ্ঠী দ্বন্দ নয়তো বিজেপি থেকে যারা কংগ্রেসে গিয়েছেন তারা করে থাকতে পারেন ।
তবে বাম-কংগ্রেস যাই বলুক তৃণমূলের দাবি, এই পোস্টার ক্ষোভেরই বহিপ্রকাশ । তৃণমূল নেতা সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, যারা যারা রায়গঞ্জের প্রার্থী হয়ে জিতে এসেছেন তাঁরা কেউই রায়গঞ্জের জন্য কাজ করেননি; আর তাঁরা প্রত্যেকেই বহিরাগত । তবে তৃণমূল কংগ্রেস ভূমিপুত্রকেই প্রার্থী করেছে লোকসভায় । তৃণমূল না জিতলেও মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করেছে ।
অবশ্য এই সমস্ত কিছু ব্যাপারে বিজেপির দাবি, বিজেপির কোনও গোষ্ঠী কোন্দলের ব্যাপার নেই । মানুষ বিজেপিকে দেখে দেবশ্রী চৌধুরীকে ভোট দিয়েছে লোকসভা ভোটে । বিজেপি উন্নয়নমূলক কাজ করেছে এই লোকসভায় তবে বাম, কংগ্রেস, তৃণমূল যদি বলে থাকে এটা বিজেপির কাজ তবে মনে করা যেতে পারে এই পোস্টার তারাই লাগিয়েছে ।
অন্যদিকে বিক্ষুদ্ধ বিজেপি কর্মী বলরাম চক্রবর্তী এই পোস্টারকে সমর্থন জানিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন । তিনি বলেন, লোকসভা কেন্দ্রে ভূমিপুত্র কেউ হলে সেই লোকসভা কেন্দ্রের উন্নয়ন আরও বেশি সম্ভব । এই লোকসভায় বহিরাগত প্রার্থী দেবশ্রী চৌধুরী ভোটে জিতে প্রতিশ্রুতি মত কোনও কাজই করেননি । তাই এবারের লোকসভায় ভূমিপুত্রের দাবি করা হয়েছে । অন্যদিকে রায়গঞ্জের বাসিন্দারাও মনে করছেন এই লোকসভা কেন্দ্রে ভূমিপুত্র প্রার্থী হলে অনেক বেশি উন্নয়ন সম্ভব ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

