মণিপুরের ঝাঁঝে মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব!

।। স্বর্ণালী মান্না ।।

ফের অনাস্থা মোদী সরকারে ।আরও একবার অনাস্থার সম্মুখীন নরেন্দ্র মোদী । এবার বিরোধীদের হাতিয়ার মণিপুর কাণ্ড । বুধবারই বিরোধী জোট ‘ইন্ডিয়া’ মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিস জমা করে । জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আনা হচ্ছে দু’টি পৃথক অনাস্থা প্রস্তাব । একটি প্রস্তাব আনা হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে ও অপরটি আনা হচ্ছে বিআরএস-এর তরফ থেকে ।

মণিপুরের ঘটনায় উত্তাল হয়ে রয়েছে জাতীয় রাজনীতি । বাদল অধিবেশন শুরু হওয়ার আগেই মুলতুবি প্রস্তাব আনা হয় কংগ্রেস সাংসদ মনীশ তিওয়ারির পক্ষ থেকে । এরপর একটি অনাস্থা প্রস্তাব আনা হয় কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের তরফ থেকে, অন্যটি আনা হয় ভারত রাষ্ট্র সমিতির নামা নাগেশ্বর রাওয়ের পক্ষ থেকে । প্রসঙ্গত, সোমবার সংসদে অধিবেশন শুরু হওয়ার পরই মণিপুর নিয়ে আলোচনার দাবি জানিয়ে এবং প্রধানমন্ত্রীর জবাব চেয়ে বিক্ষোভ শুরু করেন বিরোধী পক্ষ । বিরোধীদের আনা এই অনাস্থা প্রস্তাব ইতিমধ্যেই গ্রহণ করেছেন অধ্যক্ষ ওম বিড়লা । তবে এখনও পর্যন্ত ঠিক করা হয়নি আলোচনার দিন ।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই যে অনাস্থা প্রস্তাব পেশ করা হয়েছে, এতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে তৃণমূল ও কংগ্রেস । রাজ্য স্তরে বিরোধিতা ও প্রতিদ্বন্দ্বিতা দূরে সরিয়ে রেখে দুই বড় দল যে একত্রিতভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একজোট হয়ে লড়ছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে । তবে এই পরিস্থিতিতে বিরোধী জোট কোনও মতেই কেন্দ্রীয় স্তরে সরকার ফেলে দেওয়ার মতো অবস্থাতে নেই । এর কারণ ৩৩২ জন সাংসদের সমর্থন রয়েছে মোদী সরকারের পক্ষে । এই অবস্থায় দাঁড়িয়ে বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করা কার্যতই অসম্ভব ।

অন্যদিকে সরকার ফেলার বিষয়টি উঠলে বিরোধী পক্ষও নিজের ঢাল তৈরি করে রেখেছে । তাঁদের বক্তব্য, অনেক দিন ধরেই মণিপুরের ঘটনা নিয়ে তাঁরা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে চাইছিলেন । এই বিষয়ে দিনের পর দিন প্রধানমন্ত্রীর নীরবতার ফলে তাঁদের এই পদক্ষেপ । সুতরাং সরকার ফেলা তাঁদের উদ্দেশ্য নয়; বরং মনিপুর কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনাই মূল প্রয়োজন বলেই তাঁদের দাবি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube