চলছে ‘শহীদ সমাবেশ’-এর প্রস্তুতি, বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি

আগামী শুক্রবার কলকাতার ধর্মতলায় আয়োজিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের ‘শহীদ সমাবেশ’ । সেই সমাবেশ ঘিরে শাসক দলের দাদাগিরিতে দু’দিন আগে থেকেই বাস পরিষেবা ব্যাহত বাঁকুড়া-সোনামুখী-বর্ধমান রুটে ।

বাস শ্রমিকদের সূত্রে পাওয়া খবর, বাঁকুড়া গোবিন্দনগর বাসস্ট্যাণ্ড থেকে প্রতিদিন সোনামুখীর দিকে ২৮ টি বাস যাতায়াত করে । গত সোমবার থেকে সেই সংখ্যা ‘শূন্য’তে গিয়ে দাঁড়িয়েছে । কারণ হিসেবে তাঁরা বলছেন, ওই রুটে কোন বাস গেলেই ২১ জুলাইয়ের সমাবেশে যেতে হবে এমন দাবিতে জোর করে বাস আটকে দিচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা । ইতিমধ্যে ওই এলাকার ফকিরডাঙ্গা-কাঁটাদিঘীতে ১০টি বাস আটকে রাখা হয়েছে ।

আর তৃণমূলের সৌজন্যে ‘অঘোষিত’ এই পরিবহন ধর্মঘটে সমস্যায় পড়ছেন বাস শ্রমিক থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই । বাস শ্রমিকরা জানান ২১ জুলাই এর জন্য বাঁকুড়া বাসস্ট্যাণ্ড থেকে এই এলাকার তৃণমূলের নেতৃত্ব বাস ‘বুকিং’ করেছেন, কিন্তু সোনামুখীতে সেই তৃণমূলের লোকরাই সেই বাস আটকে দিচ্ছে । ফলে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের । এই ক’’দিন বাস চলাচল বন্ধ, ফলে তাদের বেতনও বন্ধ বলে দাবি করছেন তাঁরা ।

এই অবস্থায় প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সিআইটিইউ নেতা উজ্জ্বল চৌধুরী । তিনি বলেন, একটা রুটে গত কয়েক দিন ধরে বাস চলাচল বন্ধ, প্রশাসন কী করছে? সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে । এভাবে জোর করে বাস আটকে রাখা যায় না, প্রশাসন ও বাস মালিক সংগঠন তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না বলেও তিনি জানান ।

তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা এই প্রসঙ্গে বলেন, মানুষকে সমস্যায় ফেলা আমাদের উদ্দেশ্য নয়, ২১ জুলাই সমাবেশের জন্য ২০ তারিখ থেকে বাস নেওয়ার কথা দলীয়ভাবে জানানো হয়েছিল । তবে ঠিক কী হয়েছে খোঁজ খবর নেওয়া হবে । প্রয়োজনে তিনি বাস সংগঠনগুলির সাথে কথা বলবেন বলেও জানান ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube