।। স্বর্ণালী মান্না ।।
শুক্রবার এসএসকেএম হাসপাতাল থেকে কলকাতা হাইকোর্টের এক বিচারপতিকে তীব্র আক্রমণ করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আর এই অভিযোগে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ পদ খারিজ করার আবেদন জানালেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ ।
বিজেপির সাংসদের দাবি, দেশের গণতন্ত্রকে আঘাত করেছেন অভিষেক । একই সঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদককে গ্রেফতার করার দাবিও জানিয়েছেন সৌমিত্র । তবে এখানেই থেমে থাকেননি বিজেপির সাংসদ । তিনি জানান, আগামী সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করবেন তিনি ।
তবে এই অবস্থায় পাল্টা সরব হয়েছে শাসকশিবিরও । সরকারি আধিকারিকদের তুইতোকারি করে কথা বলেন যে সাংসদ, তাঁর অভিযোগকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করছে না শাসকদল ।
প্রসঙ্গত, শুক্রবার এসএসকেএম হাসপাতালে দাঁড়িয়ে বিচারব্যবস্থার প্রতি নিজের ক্ষোভ উগরে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এক বিচারপতির বিরুদ্ধে সমাজবিরোধীদের রক্ষাকবচ দেওয়ার অভিযোগ তোলেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

