।। স্বর্ণালী মান্না ।।
‘নির্বাচনে জেতা যেন পাঁচ বছরের চাকরি পাওয়া, তাই এত সন্ত্রাস হচ্ছে রাজ্য জুড়ে’ । গণনা কেন্দ্রের বাইরে ব্যালট পেপার পড়ে থাকাকে কেন্দ্র করে এমনই মন্তব্য করলেন বিচারপতি অমৃতা সিনহা । পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন হুগলির জাঙ্গিপাড়াতে ডি এন হাইস্কুলের পাশের এক রাস্তায় প্রচুর ব্যালট পেপার পড়ে থাকতে দেখা যায় । এই বিষয়ে এক বাম প্রার্থী আদালতে মামলাও করেন । আর বৃহস্পতিবার এই মামলায় তলব করা হয় জাঙ্গিপাড়ায় বিডিও-কে । তলব করেছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা ।
বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বিচারপতি সিনহার এজলাসে ডেকে পাঠানো হয়েছিল জাঙ্গিপাড়ার বিডিওকে । এই প্রসঙ্গে বিডিও-র স্পষ্ট উত্তর, প্রিসাইডিং অফিসারকে ব্যালট পেপারগুলি তিনি দিয়ে দিয়েছিলেন । এর পর বিডিওকে ওই প্রিসাইডিং অফিসার নাম-ঠিকানা লিখে দিয়ে যেতে নির্দেশ দেন বিচারপতি ।
প্রসঙ্গত জানা যায়, ওই ব্যালট পেপারগুলিতে ছিল না কোনও ছাপ; তা ছিল অব্যবহৃত । তবে সুত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে সেই ব্যালট পেপারগুলিতে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছিল । এদিন এজলাসে মামলাকারীর আইনজীবে বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, ওই পেপারগুলি ভুয়ো হলেও হতে পারে, যা ছাপ্পা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছিল । পাল্টা কমিশনের আইনজীবী জানান, যেহেতু নির্বাচন এখন মিটে গিয়েছে, তাই এই সংক্রান্ত মামলা করতে গেলে পিটিশন জমা করা উচিত ছিল ।
এর পরেই রাজ্য নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করে বিচারপতি মন্তব্য করেন, নির্বাচনকে কিছু মানুষ ৫ বছরের চাকরি মনে করছেন বলেই চারদিকে এত সন্ত্রাস হচ্ছে । এই মামলায় রিটার্নিং অফিসারকে আগামী ২০ জুলাইয়ের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় আদালতের তরফ থেকে । একই সঙ্গে চেয়ে পাঠানো হয় গণনাকেন্দ্রের সিসিটিভি ফুটেজও । মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা ২৪ জুলাই ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

