দেগঙ্গায় নির্বাচনী সন্ত্রাসের বলি নাবালক

।। স্বর্ণালী মান্না ।।

পঞ্চায়েত আবহে এখনও অব্যাহত অশান্তি । এবার নির্বাচনী সন্ত্রাসের বলি হল এক নাবালক । মঙ্গলবার রাতে বোমার আঘাতে মৃত্যু হয় দেগঙ্গার উত্তর গাংআটি এলাকার বাসিন্দা, বছর সতেরোর ইমরান হাসানের ।

মঙ্গলবার রাতে দেগঙ্গায় তৃণমূলের এক মিছিলে হাঁটছিল ১৭ বছর বয়সী ইমরান হাসান । সেই মিছিল লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ উঠছে । বোমা গিয়ে লাগে ইমরানের বুকে; ছিন্ন বিছিন্ন হয়ে যায় তাঁর দেহ । তৃণমূলের সেই মিছিলে বোমা মারার অভিযোগ তোলা হয়েছে সিপিএম ও আইএসএফ সমর্থকদের বিরুদ্ধে । এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৫ জন ব্যক্তিকে ।  

স্থানীয় বাসিন্দাদের অনুমান একটি বাড়ির ছাদ থেকে ছোঁড়া হয় ওই বোমা । এলাকাবাসীদের দাবি গাংআটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে যখন মিছিল যাচ্ছিল, ঠিক সেই সময় বোমা মারা হয় । বোমার জেরে আহত হন আরও দু’জন । অশান্তি এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী । তবে এই ঘটনার পরও এখনও পর্যন্ত দেখা মেলেনি কেন্দ্রীয় বাহিনীর ।

নিহত বালকের পরিবারের সঙ্গে ফোনে কথা বললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস । জানা গিয়েছে নিহত কিশোরের বাবা, এমদাদুল হক, একজন তৃণমূল কর্মী; তাঁর সাথে ফোনে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল । দেগঙ্গার সোয়াই এলাকার কুমারপুর পরশমনি শিক্ষা বিতান উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর পড়ুয়া ইমরান । স্কুলের তরফে বুধবার পড়ুয়াদের সঙ্গে নিয়ে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা শোক জ্ঞাপন করেন । তারপর স্কুলের পড়ুয়াদের ছুটি দিয়ে দেওয়া হয় । শেষ বিদায় জানাতে গ্রামবাসীদের ঢল নামল নিহত ছাত্রের বাড়িতে ।এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।

গণতন্ত্রের সব থেকে বড় উৎসবে নির্বাচন । আর সেই নির্বাচনী উৎসবেই অংশগ্রহণ করার সুযোগটুকুও পেল না এই কিশোর ।গত ২৬ দিনে নির্বাচনের বলি হয়েছেন ১৬ জন । আর সেই তালিকায় আজ যুক্ত হল এক নাবালকের নামও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube