গরু পাচার মামলায় আবারও জামিন নাকচ হল বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মন্ডলের। শুক্রবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তার হয়ে জামিনের আবেদন করেছিলেন আইনজীবী সোমনাথ চট্টরাজ। কিন্তু সেই জামিনের তীব্র বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী জশ কিষান। তিনি মুলত অনুব্রতর বিরুদ্ধে “প্রভাবশালী তত্ত্ব ” খাড়া করেন। শেষ পর্যন্ত সেই তত্ত্বেই সিলমোহর দিয়ে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী অনুব্রতর জামিনের আবেদন আরও একবার নাকচ করেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৪ই জুলাই হবে বলে বিচারক নির্দেশ দেন। তবে এদিন সওয়াল-জবাবের সময় তদন্ত নিয়ে বিচারকের প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি সিবিআইকে।
জেল হেফাজতে রয়েছেন অনুব্রত মন্ডল । তাঁকে যে কোন শর্তে জামিন দেওয়া হোক, এদিন আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে সওয়াল করার সময় এই আবেদন করেন অনুব্রতর আইনজীবী সোমনাথ চট্টরাজ। এদিন দিল্লির তিহার জেল অনুব্রত মন্ডলের ভার্চুয়াল শুনানি হওয়ার কথা ছিলো। কিন্তু এদিন এজলাস থেকে তিহার জেলের সঙ্গে যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ না হলেও অনুব্রতর হয়ে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী । তিনি বলেন, ‘আমার মক্কেল ২০২২ সালের ১১ আগষ্ট থেকে জেল বন্দী হয়ে আছেন । তাঁর বিরুদ্ধে পাঁচটি চার্জশিট জমা পড়েছে । কবে নাগাদ ট্রায়াল শুরু হবে তা জানা যাচ্ছে না ।’
সেই প্রভাবশালী তত্ত্ব দেখিয়েই জামিনের বিরোধীতা করেন সিবিআইয়ের আইনজীবী জয় কিষান । তিনি বলেন, অনুব্রত মন্ডল প্রভাবশালী ব্যক্তি । তদন্ত এখন চূড়ান্ত পর্যায়ে চলছে । এইসময় তাঁকে জামিন দেওয়া হলে স্বাক্ষীদের প্রভাবিত করতে পারেন । সেই সময় বিচারক রাজেশ চক্রবর্তী সিবিআইয়ের তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্যকে জিজ্ঞাসা করেন, ২৮৩ জন স্বাক্ষীর বয়ান নেওয়া হয়েছে । আর কত লাগবে ? উত্তরে সুশান্ত ভট্টাচার্য বলেন, নতুন নতুন তথ্য উঠে এসেছে । তার জন্য কয়েকজন স্বাক্ষীর বয়ান প্রয়োজন । এরপর বিচারক রাজেশ চক্রবর্তী তার কাছে আবারও জানতে চান, আর কতদিন তদন্ত চলবে ? কত সময় লাগবে? এর জবাবে সুশান্ত ভট্টাচার্য,খুব দ্রুত এই মামলায় ফাইনাল চার্জশিট দেওয়া হবে।
শুনানিতে দু’পক্ষের সওয়াল-জবাব শুনে বিচারক রায়দান সাময়িক স্থগিত রাখেন। শেষ পর্যন্ত দুপুর দুটোর পরে বিচারক রাজেশ চক্রবর্তী অনুব্রত মন্ডলের জামিন নাকচ করে দেন। নির্দেশ আগামী ১৪ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

