শ্রীনু নাইডু খুনের ঘটনায় রামবাবু সহ ১৩ জনকে বেকসুর খালাস করল মেদিনীপুর আদালত । মঙ্গলবার শ্রীনু নাইডু খুনের মামলায় চূড়ান্ত রায়দান ছিল । রামবাবু সহ প্রত্যেককেই নির্দোষ সাব্যস্ত করেন বিচারক ।
২০১৭ সালের ১১ই জানুয়ারি খড়গপুরের তৃণমূল নেতা শ্রীনু নাইডু খড়গপুর শহরের নিউ সেটেলমেন্ট এলাকায় নিজের দলীয় কার্যালয়ে খুন হন । একই সঙ্গে খুন হন শ্রীনু নাইডুর সঙ্গী ধর্মা রাও । এই ঘটনার পর খড়গপুরের ত্রাস বাসব রামবাবু সহ ১৪ জনের বিরুদ্ধে আদালতের চার্জশিট পেশ করে পুলিশ । রামবাবু সহ ১৩ জন গ্রেফতার হন এই মামলায় । তবে কে কাশি নামে এক আসামিকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি । ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্ত বরুণ ঘোষ নামে একজন কোয়াক ডাক্তার জামিনে মুক্তি পেয়েছিলেন ।রামবাবু সহ বাকি ১২ জন অভিযুক্তকে জেলে রেখে এই মামলার ট্রায়াল শুরু হয় ।
উল্লেখ্য এক সময় খড়্গপুরে মাফিয়া রাজের ডন ছিলেন বাসক রামবাবু । পরবর্তীকালে কংগ্রেস নেতা গৌতম খুনের মামলায় দীর্ঘদিন জেলে থাকার পর শর্তাধীন জামিনে মুক্তি পেয়েছিলেন এই রামবাবু । খড়্গপুর শহরে রামবাবু থাকতে পারবেন না এমন একটি শর্তে আদালত তাকে মুক্তি দিয়েছিল । এক সময় রামবাবুর মাফিয়া দলে ছিলেন শ্রীনু । পরে মতবিরোধ হয়ে আলাদা ‘গ্যাং’ তৈরি করেছিলেন তিনি । রামবাবু জেলে থাকায় তাঁর কায়দাতেই এলাকায় প্রভাব বিস্তার করে শ্রীনু । রামবাবুর মতই তারও বিরুদ্ধে খুন, তোলাবাজির নানান অভিযোগ ওঠে । শ্রীনু নাইডু খুনের ঘটনায় অন্ধ্রপ্রদেশের তানুকা ডিস্ট্রিক্ট থেকে রামবাবুকে গ্রেফতার করে নিয়ে আসেন তৎকালীন পুলিশ সুপার ভারতী ঘোষ ।
এদিন পশ্চিম মেদিনীপুর আদালতে চতুর্থ অতিরিক্ত দায়রা বিচারক মন্দাক্রান্তা সাহার এজলাসে অভিযুক্ত ১৩ জনকে বেকসুর খালাস দেওয়া হয় । এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি পক্ষের আইনজীবী উপযুক্ত প্রমাণ না দিতে পারায় বিচারক মামলা থেকে অভিযুক্ত প্রত্যেককেই অব্যাহতি দেন ।
সরকারি পক্ষের আইনজীবী সমর কুমার নায়ক জানিয়েছেন, এই মামলায় বিচারক একপেশে রায় দান করেছেন । মেদিনীপুর আদালতে রায়ের বিরুদ্ধে আগামী দিনে হাইকোর্টে যাওয়ার কথা জানিয়েছেন সমরবাবু ।
অন্যদিকে রামবাবু সহ অভিযুক্তদের পক্ষের আইনজীবী অজয় কুমার ঘোষ জানিয়েছেন, তাদের মক্কেলরা নির্দোষ ছিল সেটা প্রমাণ হল । আদালত সবাইকে বেকসুর খালাস দিয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

