সামনেই পঞ্চায়েত ভোট । আর এই পঞ্চায়েত ভোটে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভিন রাজ্য থেকে নিজেদের গ্রামে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা । রায়গঞ্জ ব্লকের ২ নম্বর জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের খারি সরিয়াবাদ এলাকায় ধরা পড়লো তেমনই ছবি ।
কাজের জন্য কেউ কেরালা কেউবা আবার মুম্বাইয়ে থাকেন । কিন্তু ভোটের দিন এগিয়ে আসতেই বাড়ি ফিরছেন তাঁরা সকলে । কারও কাছে ভোট বলতে উৎসব, আবার কারও কাছে ভোট দেওয়া তাদের অধিকার তাই ভোটের সময় গ্রামে ফেরা । নিজের পছন্দের প্রার্থীকে জিতিয়ে আনতে এবং এলাকায় যাতে উন্নয়ন হয় সেই আশাতেই ভিন রাজ্য থেকে টাকা খরচ করে হলেও গ্রামে ফেরেন পরিযায়ীরা শ্রমিকরা ।
তাঁরা জানেন এই পঞ্চায়েত ভোটে একটি ভোটে পাল্টে যেতে পারে গ্রাম পঞ্চায়েতের ফলাফল । তাই তাদের বহুমূল্যবান একটি ভোট নষ্ট করতে চান না তাঁরা । এছাড়া ভোটের সময় যে আড্ডা, রাজনৈতিক আলোচনা চলে, সেগুলো থেকে যাতে বঞ্চিত না হন, সে কারণে গ্রামে ফেরেন পরিযায়ী শ্রমিকরা । খারি সরিয়াবাদ গ্রামের ৭০ শতাংশ মানুষই কাজ করেন বাইরে । কিন্তু ভিন রাজ্যে বসে এই রাজ্যের ভোটের খবর তাঁরা রাখেন ।
ভোটের দিন ঘোষণা হতেই বাড়ি ফেরার প্রস্তুতি শুরু করেন তাঁরা । নিজের প্রিয় প্রার্থী যাতে হেরে না যান, তার জন্য ছুটে আসেন গ্রামে; এমনটাই জানান স্থানীয় বাসিন্দা মেহেতাব আলি ।
অন্যদিকে দীর্ঘদিন ধরে প্রিয়জন বাড়ির বাইরে থাকলেও ভোটের জন্য তাঁরা বাড়িতে ফেরেন, যা একপ্রকার খুশির কারণ হয় বাড়ির লোকের কাছে । লাইলাতুন খাতুন নামে এক মহিলা জানান, তাঁর স্বামী সহ পরিবারের বেশির ভাগ পুরুষই বাইরে থাকেন কাজের জন্য; কিন্তু তাঁরা এই ভোটে বাড়িতে এসেছেন তাই তাঁর ভাল লাগছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

