মালদাঃ—আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও উত্তপ্ত মালদার মানিকচক । মনোনয়নপত্র প্রত্যাহার না করায় গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থীর স্বামীকে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল । অভিযোগ উঠেছে একই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থীর স্বামীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের মোহনা এক নম্বর কলোনি এলাকায় ।
মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের ১৩৮ নম্বর বুথের বিজেপি প্রার্থী হয়েছেন সামিনা খাতুন । বিজেপি প্রার্থীর স্বামী রেজাউল হকের অভিযোগ, মনোনয়নপত্র জমা করার পর থেকেই তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হত । তাঁর অভিযোগ শুক্রবার রাত্রে তাঁকে ফোন করে ডাকে একই বুথের তৃণমূল প্রার্থী সালমা সুলতানের স্বামী তথা তৃণমূল নেতা এমডি আনুয়ার আলী বলে ।
এরপর আনুয়ার আলী সহ ৬ থেকে ৭ জন তাকে বেধড়ক মারধর করে । তাঁকে প্রাণে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি । সেদিন কোনও মতে সেখান থেকে পালিয়ে প্রাণ রক্ষা হয় বিজেপি প্রার্থীর স্বামী রেজাউল হকের । রাতেই বিজেপি প্রার্থীর স্বামীকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় ।
এই বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শুভময় বসু জানান, এই সমস্ত মিথ্যা অভিযোগ তুলে মানিকচকে বাজার গরম করতে চাইছে বিজেপি । আসলে বিরোধীদের পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই তারা ভয় পাচ্ছে । মালদা জেলায় সব থেকে শান্তিপূর্ণভাবে মনোনয়ন পর্ব মিটেছে । তাই এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

