ভোটের লড়াইয়ে প্রতিপক্ষ শ্বশুর ও জামাই

রায়দিঘিঃ দক্ষিন ২৪ পরগনাঃ হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই ৮ই জুলাই এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন । শাসক বিরোধী ভোটের লড়াইয়ে একেবারে অন্য ছবি ধরা পড়ল দক্ষিন ২৪ পরগনার রায়দিঘিতে । নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতে নির্বাচনী লড়াই জমে উঠেছে শ্বশুর ও জামাইয়ের মধ্যে ।

রায়দিঘি বিধানসভার নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের ১লা ঘেরী গ্রামের ২৭৩ নম্বর বুথটি জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত সিপিআইএম এর শক্ত ঘাঁটি । তবে সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলেছে । এখন এই বুথে তৃণমূলের মূল প্রতিদন্ধী বিজেপি । এই বুথেই তৃণমূলের প্রার্থী হয়েছেন সুসেনজিৎ মণ্ডল । এখানে তাঁর অন্যতম বিরোধী নিজের শ্বশুর তথা বিজেপি প্রার্থী পালান পাইক ।

শ্বশুর পালান পাইক ছিলেন নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতে সিপিএম জামানায় দু’বারের প্রধান । পালান বর্তমান শাসকদলের অন্যায় অত্যাচার দেখে, আর সিপিআইএম দলের কোন আন্দোলন নেই দেখে, বিজেপিতে যোগ দিয়েছেন দুর্নীতিমুক্ত সমাজ গড়তে । তিনি এবার পঞ্চায়েত ভোটের লড়াইয়ে নেমেছেন । তৃণমূলের দুর্নীতি এবং বিজেপির নীতি, আদর্শ ও নরেন্দ্র মোদীর চিন্তাধারাকে হাতিয়ার করে প্রচার শুরু করেছেন তিনি । গ্রামের বাড়ি বাড়ি যাচ্ছেন ভোট চাইতে । এই কেন্দ্রেই তাঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তাঁর জামাই সুসেনজিৎ  । জামাই প্রার্থী হলেও রাজনীতির ময়দানে এক বিন্দু জমি তাঁকে ছাড়তে রাজি নন পালান । তাঁর দাবি, ব্যক্তিগত সম্পর্ক যেমন আছে থাকবে, কিন্তু রাজনীতিতে একটুও জমি তিনি জামাইকে ছাড়বেন না । এখানে তিনি শুধুই বিরোধী দলের প্রার্থী ।

অন্যদিকে, সুসেনজিৎও শ্বশুরকে রাজনীতির ময়দানের জমি ছাড়তে নারাজ । তিনি ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন । বাড়ি বাড়ি যাচ্ছেন, তৃণমূল সরকারের উন্নয়নের কথা তুলে ধরে ভোট ভিক্ষা চাইছেন । সুসেনজিতের বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেভাবে মানুষ পেয়েছেন তাতে এবারের পঞ্চায়েত নির্বাচনেও মানুষ তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবেন । বিপক্ষ প্রার্থী হিসেবে নিজের শ্বশুর ভোটে লড়াই করলেও তাঁকে একজন বিরোধী প্রার্থী হিসেবেই দেখতে চান তিনি । সম্পর্ক সম্পর্কের জায়গায় থাকবে কিন্তু ভোটের ময়দানে তাঁকে একজন বিরোধী দলের প্রার্থী হিসেবেই মনে করছেন সুসেনজিৎ ।

শ্বশুর জামাইয়ের এই লড়াইয়ে সমস্যায় পড়েছেন সুসেনের স্ত্রী তথা পালানের মেয়ে তনুশ্রী । তবে তিনি স্বামীর সাথেই আছেন বলে জানিয়েছেন । স্বামীর জন্য ভোট প্রচারেও বেড়িয়েছেন তনুশ্রী । বাবা কেন পাশের বুথের বাসিন্দা হয়েও এই বুথে ভোটে লড়াই করছেন তা নিয়েও ক্ষেদ প্রকাশ করেন তনুশ্রী । তবে যাই হোক, ব্যক্তিগত সম্পর্ক এই ভোটের রাজনীতিতে কোন দাগ কাটবে না বলেই দাবি তাঁর । 

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি হয়েছে । রক্ত ঝরেছে, মৃত্যু হয়েছে । শাসক বিরোধী সংঘর্ষে একাধিক এলাকায় অশান্তি দেখা দিয়েছে । তবে নিজেদের মধ্যে সম্পর্ক যাই থাকুক না কেন রাজনীতির লড়াইয়ের ময়দানে কেউ কাউকে এক বিন্দুও জমি ছাড়তে নারাজ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube