উলট পুরান জয়নগরে,তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখছেন বিরোধী দলের প্রার্থী

সত্যিই এ এক উলটপুরান। যেখানে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমাকে কেন্দ্র করে রাজনৈতিক হানাহানির ঘটনা ঘটেছে, মুড়ি মুরকির মত বোমা পড়েছে। বিরোধীদের সাথে শাসকের সংঘর্ষ হয়েছে, রক্ত ঝরেছে, সেখানেই এবার অন্য ছবি ধরা পড়ল নিউজটাইমের ক্যামেরায়। যে দক্ষিন ২৪ পরগনার একাধিক জায়গায় মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসের জেরে সাধারণ মানুষ কাঁপছিলেন, সেখানেই এবার রাজনৈতিক সম্প্রীতির অন্যতম নিদর্শন ধরা পড়ল। এই জেলার জয়নগরে এক এসইউসিআই প্রার্থী নিজের নামের দেওয়াল তো লিখছেন, পাশাপাশি তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলের দেওয়ালও লিখে দিচ্ছেন। এই ঘটনা রাজ্যে নজির বিহীন বলে মানছেন অনেকেই। জয়নগরের দক্ষিন বারাশতের এই ছবি সত্যি মনকে শান্তি দেয়।

জয়নগর এসইউসিআই দলের অন্যতম শক্ত দুর্গ। তবে রাজ্যে পালাবদলের হওয়ার পর থেকেই নিজেদের শক্তি অনেকটাই হারিয়েছে এই বামপন্থী দল। এবার দক্ষিণ বারাশত গ্রাম পঞ্চায়েতে এই দলের প্রার্থী হয়েছেন শিবুরাম দাস। শিবুরামের রাজনৈতিক পরিচয় একজন এসইউসিআই কর্মী হিসেবে হলেও তাঁর জীবিকা হল তিনি একজন শিল্পী। ছবি আঁকা, দেওয়াল লেখাই তাঁর পেশা। আর সেই পেশার স্বার্থেই তিনি এসইউসিআই প্রার্থী হয়েও তৃণমূল, সিপিএম সহ অন্যান্য রাজনৈতিক দলের দেওয়াল লিখছেন। এমনকি এই কেন্দ্রের ১৭ নম্বর বুথে যে তাঁর বিরুদ্ধে তৃণমূলের হয়ে যিনি ভোটে লড়াই করছেন সেই পার্বতী মন্ডলের দেওয়াল ও তিনিই লিখছেন। আশপাশের বিভিন্ন বুথের তৃণমূল প্রার্থী, সিপিএম প্রার্থীদের দেওয়াল লিখনেও তিনিই ভরসা।

এ নিয়ে অনেকে অনেক কিছু বললেও তাতে কান দিতে নারাজ শিবুরাম। তিনি বরং বলেন, এটাই আমার পেশা। রাজনীতি তিনি যাই করুন না কেন পেশার সাথে তার কোন বিবাদ নেই বলেই দাবি করেন এই এসইউসিআই প্রার্থী। এ বিষয়ে দলের তরফেও কোন নিষেধাজ্ঞা নেই বলেই জানান তিনি। তৃণমূল বা সিপিএমও এ নিয়ে মাথা ঘামাতে নারাজ। তাঁদের দাবি উনি যে রাজনৈতিক দল করুন বা যে দলের প্রার্থী হন না কেন, উনি একজন শিল্পী। সেই কারণেই তাঁকে দিয়ে দেওয়াল লেখাচ্ছেন তাঁরা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube