।। স্বর্ণালী মান্না ।।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিতর্ক লেগেই রয়েছে । প্রথম ধাপে বিতর্ক শুরু হয় নির্বাচন কমিশনারের নিয়োগ নিয়ে; যার জেরে তুঙ্গে ওঠে রাজ্য-রাজ্যপাল সংঘাত । অবশেষে সেই পদে রাজ্যের মনোনীত রাজীব সিনহার নিয়োগকেই শীলমোহর দেয় রাজভবন ।
নিয়োগ হওয়ার পরের দিনই পঞ্চায়েত নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশনার হিসেবে তাঁর দায়িত্ব পালন করেন রাজীব সিনহা । তবে মনোনয়ন পর্ব প্রকাশ্যে তুলে ধরল ভয়াবহ সন্ত্রাসের চিত্র! বোমাবাজি, মৃত্যু, অপহরণ; কিছুই দেখতে বাকি রাখল না বাংলা । এমনকি প্রকাশ্যে উঠে এল মনোনয়ন পত্রের তথ্য বিকৃত করার মতো ঘটনাও ।
এই ধরণের ঘটনা একের পর এক সামনে আসতেই শুরু হল আদালতে মামলা । যে সকল বিরোধী প্রার্থীরা হুমকির জেরে বা নিরাপত্তার অভাবে মনোনয়ন পত্র জমা দিতে পারলেন না, বিচারের আশায় আদালতের দ্বারস্থ হলেন তাঁরা । বুধবার পুরো ঘটনা পর্যবেক্ষণ করার পর বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেন, নির্বাচনকে ঘিরে এত সন্ত্রাস হলে তা বন্ধ করে দেওয়াই উচিত ।
এহেন মন্তব্যের পর কার্যত মুখ পুড়ল রাজ্য নির্বাচন কমিশনের । তবে এখানেই শেষ নয়; মনোনয়ন পর্বে অশান্তি যে পর্যায় পৌঁছেছিল, তার জেরে পুলিশি নিরাপত্তা দিয়ে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়াটি সারার নির্দেশও দেয় আদালত ।
অন্যদিকে আদালতের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত কিছু নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনকে । এই প্রসঙ্গে বিচারপতি টিএস শিবজ্ঞানম জানান, সেই নির্দেশ পালন না করতে পারলে রাজ্য নির্বাচন কমিশনার নিজের পদ ত্যাগ করতে পারেন ।
বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে শুরু হয় আরও জলঘোলা । সূত্রের খবর এক নির্বাচনী বৈঠকে রাজভবনে ডেকে পাঠানো হয়েছিল নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে । জানা যাচ্ছে কিছু কাজের ব্যস্ততার জেরে সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেননি নির্বাচন কমিশনার । ইতিমধ্যেই জানা যাচ্ছে রাজীব সিনহার জয়নিং রিপোর্ট সই না করেই ফেরত পাঠিয়ে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।
এহেন ঘটনা কার্যত নানা প্রশ্ন উস্কে দিচ্ছে । তাহলে কি পদত্যাগ করবেন রাজীব সিনহা? আদৌ কি হবে পঞ্চায়েত নির্বাচন? একই প্রশ্ন শোনা গেল বিচারপতি অমৃতা সিনহার কন্ঠেও । বৃহস্পতিবার তিনি প্রশ্ন করেন নির্বাচন কমিশনার কি এখনও তাঁর পদে রয়েছেন? রাজ্যে নির্বাচন চলছে?
একদিকে এই তীব্র ভর্ৎসনার জেরে যেখানে কার্যত মুখ পুড়ছে নির্বাচন কমিশনের, সেখানেই চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে রাজ্যবাসীর ।সবার মনে একটাই প্রশ্ন : আদৌ কি হবে পঞ্চায়েত নির্বাচন?
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

