পাথরপ্রতিমা: বিরোধী সিপিএম, বিজেপি, কংগ্রেস ও বিক্ষুব্ধ তৃণমূলের জোটের প্রার্থী দিয়ে তৃণমূল প্রার্থীদের বিরুদ্ধে একের বিরুদ্ধে এক ফর্মুলার লড়াইয়ে জমজমাট দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লক । এই ব্লকের পূর্ণচন্দ্রপুর-শ্রীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ১৬টি আসনের মধ্যে ১০টি আসনে জোটের প্রার্থীরা নির্দল হয়ে লড়াই করছেন ।
বিজেপির প্রতীকে চারজন ও সিপিএমের প্রতীকে একজন লড়াই করছেন । তৃণমূলের রাজ্য নেতৃত্ব ইতিমধ্যে এই এলাকার নির্দল প্রার্থী বন্দনা মজুমদারের একটি পোস্টার ট্যুইট করেছেন । বিরোধীদের এই জোটকে মহাসংযুক্ত মোর্চা বলে কটাক্ষ করেছে তৃণমূল । বন্দনা মজুমদার জোটের কথা স্বীকার করে নিয়েছেন । তিনি জানিয়েছেন, তাঁরা বিজেপি সমর্থক হওয়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত থেকে কোন সুযোগ সুবিধা মিলত না; সবক্ষেত্রে বঞ্চিত হতেন । সেই জন্য এলাকার সব দলের পক্ষ থেকে নির্দল হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ।
একই কথা ধরা পড়েছে গ্রামের বিজেপি কর্মীদের কন্ঠে । অন্যদিকে বিজেপি ও সিপিএম কর্মী-সমর্থকরা এই জোটের কথা মেনে নিয়েছেন । এলাকার বিরোধী দলের সমর্থনে এই জোটের সিদ্ধান্ত বলে জানিয়েছেন । বন্দনার বিরুদ্ধে তৃণমূল প্রার্থী তাপসী মজুমদার ময়রা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী । তিনি বলেন, আমার সঙ্গে এলাকার মানুষ আছেন । তৃণমূলের জেলা পরিষদ প্রার্থী তথা অঞ্চল কমিটির চেয়ারম্যান মহেশ্বর নাইয়া বলেন, ‘গতবারের পঞ্চায়েতেও এই অশুভ জোট হয়েছিল, এবারও হয়েছে; কিন্তু কিছু হবে না । এই এলাকাটি তৃণমূলের শক্ত ঘাঁটি’ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

