।। স্বর্ণালী মান্না ।।
মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে আবারও ঝরল রক্ত । ষষ্ঠ দিনেও অপরিবর্তিত মনোনয়ন পর্বের প্রথম দিনের ছবি । বৃহস্পতিবার চোপড়ায় মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছিলেন সিপিএম ও কংগ্রেস প্রার্থীরা । আচমকাই তাঁদের উপর হামলা করে কিছু দুষ্কৃতী । ঘটনায় অভিযোগের তির আবারও সেই তৃণমূলের দিকেই ।
উত্তর দিনাজপুরের চোপড়ায় ইতিমধ্যেই নিহত হয়েছেন ২ জন, আহত হয়েছেন আরও অনেকে । হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজন । অভিযোগ উঠছে, এমন পরিস্থিতিতেও দেখা মিলল না পুলিশ প্রশাসনের ।এই ধরণের ঘটনা চোপড়ায় আজ নতুন নয় । তা সত্বেও আগে থেকে কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন, এমনটাই অভিযোগ স্থানীয়দের । অভিযোগ কোনও সতর্কতা অবলম্বন করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে ।
জেলা কংগ্রেস সভাপতি মহিত সেনগুপ্তর দাবি অনুযায়ী নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১ জন কংগ্রেস ও ১ জন সিপিএম কর্মী । যদিও এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনও তথ্য পাওয়া যায়নি ।
নির্বাচন কমিশন, আদালত আগেই নির্দেশ দেয় রাজ্যের স্পর্শকাতর অঞ্চলগুলি চিহ্নিত করে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে । আগেও হিংসাত্মক ঘটনা ঘটেছে এই অঞ্চলে । লাগাতার সংঘর্ষের পরেও স্পর্শকাতর ঘোষণা করা হয়নি চোপড়াকে । তাহলে কী কারণে চোপড়ার মতো একটি অঞ্চলে কোন ব্যবস্থা নেওয়া হল না ? জানা যাচ্ছে এদিন মিছিলের আগে অথবা পরে কোনও পুলিশ ছিল না । আক্রান্তদের দাবি, মাঝপথে তাঁদের মিছিলে বাধা দেয় তৃণমূলের সদস্যরা । পুলিশ প্রশাসন আবারও নীরব দর্শকের ভূমিকায় ?
চোপড়ার এই ঘটনায় এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি, অধীররঞ্জন চৌধুরী জানান, গত তিন চার দিন ধরে উত্তপ্ত হয়ে রয়েছে চোপড়া । কংগ্রেসের ১০জন নেতাকে অপহরণ করা হয়েছিল ; ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । পাশাপাশি তিনি জানান চোপড়ার অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে তিনি নির্বাচন কমিশনকে চিঠিও দেন । চোপড়ার আজকের ঘটনার জন্য তিনি দায়ী করেন রাজ্য সরকারকে ।
অন্যদিকে এই ঘটনার নিন্দা জানিয়ে বাম নেতা সুজন চক্রবর্তী বলেছেন পশ্চিমবঙ্গে এখন এটাই চলছে ।এখানে বিরোধী বলে কিছু থাকবে না । তাঁর আশঙ্কা মনোনয়ন দিতে না পারা কী ধরণের গণতন্ত্র ? পাশাপাশি মানুষের জীবণ নিয়ে খেলা করার জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন তিনি ।
ভাঙড়, ক্যানিং, ইন্দাস; একই ছবি সর্বত্র । বিরোধীরা মনোনয়ন পত্র জমা করতে গেলেই তাঁদের উপর চড়াও হচ্ছে শাসকশিবিরের কর্মীরা । চোপড়ায় ২১৭টি আসনে ২২০টি মনোনয়ন পত্র জমা পড়েছে । এদের মধ্যে ২১৭টি মনোনয়ন পত্র দিয়েছেন তৃণমূল নেতারা, বাকি ৩টি দিয়েছেন তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থীরা । তাহলে এবার লক্ষ্য কি বিরোধী শূন্য রাজনৈতিক মঞ্চ?
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

