ব্যাগ ভর্তি বোমা সহ দুটি গাড়িকে আটক করল ইন্দাস থানার পুলিশ । বুধবার পাটরাইয়ের দিক থেকে বাঁকুড়ার ইন্দাসে যাওয়ার পথে বাঁধেরপাড় এলাকায় গাড়ি দুটিকে আটক করে তল্লাশি করতেই ব্যাগ ভর্তি বোমার হদিশ পায় পুলিশ । দুটি গাড়ির দুই চালক সহ গাড়িতে থাকা মোট আটজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতেই পুলিশের কাছে খবর আসে, মনোনয়নে গণ্ডগোল পাকাতে ইন্দাসে গাড়িতে করে বোমা আনা হতে পারে । এরপরই সতর্ক করা হয় ইন্দাস থানার সবকটি নাকা পয়েন্টকে । বুধবার সকাল সাড়ে সাতটার আশপাশে দুটি গাড়ি পাটরাইয়ের দিক থেকে ইন্দাসের দিকে যেতে দেখে সেগুলিকে থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ ।
সেই সময়ই গাড়ি দুটির একটির মধ্যে থেকে এক ব্যাগ ভর্তি সুতলি বোমা পাওয়া যায় । এরপরই গাড়ি দুটিকে আটক করে ইন্দাস থানায় নিয়ে যায় পুলিশ । আটক করা হয় দুটি গাড়িতে থাকা মোট আটজনকে । পুলিশের দাবি ফোনে বরাত পেয়ে বোমাগুলি ইন্দাসে আনা হচ্ছিল । কে বা কারা, কেন এই বোমার বরাত দিয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ ।
এই ঘটনায় পুলিশের দাবি ওই গাড়িগুলির একটিতে বিজেপির দলীয় পতাকা নিয়ে এক যাত্রী সওয়ার ছিলেন । বিজেপির দাবি গাড়িগুলিতে করে বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে ইন্দাসের বিডিও অফিসে যাচ্ছিলেন । সেই সময় চক্রান্ত করে তৃণমূল গাড়িগুলিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় । চক্রান্ত করে গাড়িগুলিতে বোমা রেখে তা উদ্ধারের নাটক করা হচ্ছে বলেও অভিযোগ বিজেপির ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

