।। স্বর্ণালী মান্না ।।
বৌবাজারে চলছে মেট্রো রেলের কাজ । আর মঙ্গলবার সেই কাজের জেরেই আরও একবার ফাটল ধরার আতঙ্ক দেখা দিল এলাকাবাসীদের মধ্যে ! ইতিমধ্যেই মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে বাড়ি খালি করার নোটিস দেওয়া হয়েছে স্থানীয়দের । আর তা নিয়েই সিঁদুরে মেঘ দেখছেন এলাকাবাসী ।
মঙ্গলবার বৌবাজারের দুর্গাপিতুরি লেনে আবারও দেখা দিল ফাটল আতঙ্ক । ঘটনার জেরে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে বাড়ি খালি করে দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হল স্থানীয় বাসিন্দাদের । সূত্রের খবর, ওই এলাকাতে ইতিমধ্যেই শুরু হতে চলেছে মেট্রো রেলের কাজ । কোনও অপ্রীতিকর ঘটনা অথবা দুর্ঘটনা এড়াতে বাড়ি খালি করার নির্দেশ জানিয়ে একটি নোটিস দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের ।
সুত্র মারফৎ জানা গিয়েছে, ৬-এ ও ৯ নম্বর দুর্গাপিতুরি লেনের বাসিন্দাদের এই নোটিস দেওয়া হয় ।নোটিসে জানানো হয়েছে, আজ অর্থাৎ মঙ্গলবার ১০ থেকে ৪টের মধ্যে বাসিন্দাদের ওই বাড়িগুলি খালি করে দিতে হবে । আগামী ১৯ তারিখ পর্যন্ত বাসিন্দারা তাঁদের বাড়িতে ফিরতে পারবেন না বলেই জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে । নির্দিষ্ট সময়ের আগে কেউই ফিরতে পারবেন না তাঁদের বাড়িতে । এর ফলে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কথাও হয় । জানা যাচ্ছে যতক্ষণ না তাঁরা নিজেদের বাড়িতে ফিরে আসতে পারছেন ততক্ষণ তাঁদের নতুন অস্থায়ী ঠিকানা হবে হোটেল ।
আজকের এই ঘটনা স্বাভাবিকভাবেই ২০১৯ সালে ঘটে যাওয়া ভয়ঙ্কর সেই ঘটনার স্মৃতি ফিরিয়ে এনেছে । মেট্রোর কাজ আগেও বৌবাজারের মানুষকে ঘরছাড়া করেছে । প্রায় ১১ মাস পর তাঁরা ফিরতে পেরেছিলেন নিজেদের চেনা ঘরগুলোতে । এই নোটিস সকলেরই মনে আশঙ্কার সৃষ্টি করছে; ১৯ তারিখের পর ঘরছাড়ারা পারবেন তো নিজেদের বাড়িতে ফিরতে?
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

