।। স্বর্ণালী মান্না ।।
মনোনয়ন পত্র জমা দেওয়ার চতুর্থ দিনেও হিংসা অব্যাহত রইল । মঙ্গলবার সকালে ভাঙড়ে মনোনয়ন পত্র জমা করতে গিয়ে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে । সংঘর্ষ বেঁধে যায় আইএসএফ ও তৃণমূলের সমর্থকদের মধ্যে ।
মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় শুরু হয় ব্যাপক বোমাবাজি । ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে বোমাবাজির পাশাপাশি চলল গুলিও । এই ঘটনায় অভিযোগের তির উঠছে তৃণমূলের বিরুদ্ধে । তৃণমূলের বিরুদ্ধে মনোনয়নে বাঁধা দেওয়ার অভিযোগ আনে আইএসএফ । ১৪৪ ধারা উপেক্ষা করেই চলতে থাকে ব্যাপক অশান্তি ।
ঘটনাস্থলে ছিল বিশাল পুলিশ বাহিনী । তবে তাতেও থামেনি অশান্তি । পুলিশকে লক্ষ্য করেই চলতে থাকে বোমা, গুলি ও ইটবৃষ্টি । পরিস্থিতি সামাল দিতে ব্যাবহার করা হয় কাঁদানে গ্যাস । এই ভয়ঙ্কর পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে । এমনকি বোমা, গুলির জেরে পিছু হটতে বাধ্য হয় পুলিশ প্রশাসন । এই অশান্তির জেরে আহত হন কাশিপুর থানার এস আই এস আর মির্জা ।
শুরু হয় অভিযোগ–পাল্টা অভিযোগের পালা । আইএসএফ-এর দাবি মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় তাঁদের বাধা দেন তৃণমূলের সমর্থকরা । যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে শাসকদল । স্থানীয় সুত্রে জানা যায়, বেশ কয়েক রাউণ্ড গুলি চলে । ঘটনার জেরে জখম হন দু’পক্ষের বেশ কয়েকজন কর্মী ।
এই ঘটনা এরাজ্যে প্রথম নয় । আগেও বহুবার এমন হিংসাত্মক ঘটনার সাক্ষী থেকেছেন রাজ্যবাসী । মনোনয়নেই এই ছবি হলে, নির্বাচনে কী পরিস্থিতি হতে পারে ভেবেই আতঙ্কিত রাজ্যবাসী । এই ছবি কি আদৌ বদলাবে কোনদিন ? প্রশ্ন থেকেই যাচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

