রেল দুর্ঘটনার ৯ দিন পার, আজও নিখোঁজ যাত্রী

ওড়িশার বালেশ্বরের রেল দুর্ঘটনার পর কেটে গেছে ৯ টা দিন । স্বাভাবিক হয়েছে রেল চলাচল । পুনরায় যাত্রা শুরু করেছে করমণ্ডল । কিন্তু দুর্ঘটনার ঘা এখনো শুকোয়নি । আজও নিখোঁজ পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের মানপুর গ্রামের মানস মাইতি । চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের । পরিবারের মুখে নুন ভাত তুলে দিতে কাজের ঠিকানায় চেন্নাই যাচ্ছিলেন মানস ।

২ রা জুন শুক্রবার, কাজের খোঁজে ভিনরাজ্যের পাড়ি দিতে খড়গপুর স্টেশনে করমণ্ডলে ওঠেন মানস । তারপর সবই ঠিকঠাক চলছিল । স্ত্রী ও একমাত্র মেয়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন তিনি । ট্রেন যখন বালেশ্বরের বাহানাগায় পৌঁছায় হঠাৎ ফোন কেটে যায় । তারপর থেকে আর কোন খোঁজ নেই তাঁর । মানসের খোঁজে উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গ একের পর এক হাসপাতালে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে পরিবারের লোকজন ।

কান্নায় ভেঙে পড়েছেন মানস মাইতির স্ত্রী, তাঁদের ছোট্ট মেয়ে সহ গোটা পরিবার । কখনোও খাওয়া হচ্ছে তো কখনও হচ্ছে না । সবার মুখে একটাই কথা ‘ঘরের ছেলে ঘরে ফিরুক’ ।দুর্ঘটনার পর বাড়িতে সমবেদনা জানাতে হাজির হয়েছিলেন এলাকার মানুষজন সহ আত্মীয় পরিজন । সময়ের সাথে সাথে সে ভিড়ও ক্রমশ ফিকে হচ্ছে কিন্তু কান্না থামছে না পরিবারের । অনবরত চোখের জল ঝরছে মানসের স্ত্রী  সুদেষ্ণা দেবীর । ছোট্ট মেয়েটি কিছু বুঝে উঠতে পারছে না কেন চোখের কোন দিয়ে ঝরে চলেছে জল ।

সংসারের একমাত্র রোজগারকারি ছিলেন মানস । দিনমজুরি করে টাকা জোগাড় করে আনলে বাড়িতে হাঁড়ি চড়ত । এখন কীভাবে চলবে এই সংসার? কে নেবেন তাদের ভরণপোষণের দায়িত্ব? উঠছে প্রশ্ন । স্থানীয়দের দাবি সরকার পরিবারটির দিকে মুখ তুলে তাকাক ।

এই বিষয়ে ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস জানিয়েছেন, যতদিন না নিখোঁজ ব্যাক্তির খোঁজ পাওয়া যাচ্ছে, আমরা ওই পরিবারের পাশে রয়েছি; কোন রকম অসুবিধা হলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করার কথা আমরা জানিয়ে এসেছি পরিবারকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube