ভুবনেশ্বর হাসপাতালের মর্গে খোঁজ মিলল যুবকের !

মালদহঃ প্রায় পাঁচ মাস পরে বোনের বিয়ের জন্য বাড়ি ফিরছিলেন চেন্নাইতে পাইপ লাইনের কাজে কর্মরত পরিযায়ী শ্রমিক কৃষ্ণ রবিদাস । কিন্তু নিয়তির করুন পরিহাস, আর তার বাড়ি ফেরা হলো না । গত শুক্রবার ঘটে যাওয়া উড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল কৃষ্ণ রবিদাসের ।

মাত্র ২৩ বছর বয়সে দুনিয়া থেকে চির বিদায় নিতে হল কৃষ্ণকে । জানা গিয়েছে, কৃষ্ণ রবি দাসের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মালিওর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পিপুলতলা গ্রামে । কৃষ্ণরা চার ভাই দুই বোন । কৃষ্ণ ছিলেন বাড়ির ছোট ছেলে । বাড়িতে রয়েছে বৃদ্ধ বাবা হেমন্ত রবিদাস ও মা যশোদা রবিদাস ।

ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই ঘন ঘন জ্ঞান হারাচ্ছেন মা যশোদা রবিদাস । কান্নায় ভেঙে পড়েছে পরিবার পরিজনরা । মৃত কৃষ্ণ রবিদাসের মা যশোদা রবিদাস জানান, ট্রেন দুর্ঘটনার পর তিনদিন ধরে কৃষ্ণের কোন হদিস পাওয়া যাচ্ছিল না । সরকারি হেল্পলাইনে ফোন করেও কোন খোঁজ মিলছিল না । অবশেষে সোমবার সরকারি সূত্রে খবর পেয়ে তাঁর দাদা অশোক রবিদাস ওড়িশার ভুবনেশ্বর হাসপাতালের মর্গে ভাইয়ের মুন্ডহীন দেহ সনাক্ত করেন । জামা, প্যান্ট, বেল্ট এবং পকেটে থাকা আধার কার্ড দেখে ভাইকে চিনতে পারেন দাদা ।

মৃতের বাবা হেমন্ত রবিদাস জানান, আগামী ১২ জুন তার ছোট মেয়ের বিয়ে রয়েছে । বোনের বিয়েতে অংশগ্রহণ করার জন্য কৃষ্ণ বাড়ি ফিরছিলেন । ইতিমধ্যে এই ট্রেন দুর্ঘটনা কেড়ে নিল তার ছেলের প্রাণ । হামসাফার এক্সপ্রেস এর জেনারেল কম্পার্টমেন্টের যাত্রী ছিলেন কৃষ্ণ । তিনি চেন্নাই থেকে হাওড়া ফিরছিলেন । ট্রেনে ওঠার আগে বাড়িতে ফোন করেছিল কৃষ্ণ । সেই শেষ কথা । তারপর আর বাড়ির লোকের সঙ্গে কথা হয়নি তাঁর ।

এদিকে ট্রেন দুর্ঘটনার খবর আসার পর থেকেই কৃষ্ণের খোঁজে বারবার ফোন করছিলেন তার বাড়ির লোকেরা ; কিন্তু কোন খবর মিলছিল না । তিন দিন কেটে যাওয়ার পর সোমবার ওড়িশার ভুবনেশ্বর হাসপাতালের মর্গ থেকে দাদা অশোক ভাইয়ের দেহ সনাক্ত করে । গ্রামের ছেলের মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছতে শোকের ছায়া নেমে এসেছে হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে । খবর পেয়ে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন কৃষ্ণের বাড়িতে গিয়ে সব রকম সরকারি সাহায্যের আশ্বাস দেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube