‘ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ ওরে অবুঝ, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা’ । ৫ই জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস । পরিবেশকে আরও সুন্দর করতে দূষণ দূর করতে তৎপর হল নারী শক্তি । শহর কলকাতার বুকে দিন দিন কমে আসছে সবুজের সংখ্যা, বাড়ছে দূষণ । চারিদিক শুধুই ভরে যাচ্ছে কংক্রিটের জঙ্গলে । এমন অবস্থায় সুন্দর পৃথিবী গড়ার স্বপ্ন দেখলেন ও দেখালেন বাগবাজার উইমেন্স কলেজের ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা সহ কলেজের সকলেই । শিক্ষক- শিক্ষিকারা স্বপ্ন দেখলেন সবুজ পৃথিবীর ও তা সঞ্চার করলেন আগামী প্রজন্মের মধ্যে । সোমবার ৫ই জুন উইমেন্স কলেজ ক্যালকাটা পালন করল মনে রাখার মত এক বিশ্ব পরিবেশ দিবস ।
কলেজ অধ্যক্ষা ড. অনুপমা চৌধুরীর উদ্যোগে এবং সকল শিক্ষক-শিক্ষিকার ও অশিক্ষক কর্মীদের উদ্যোগে সকল ছাত্রীদের সহযোগিতায় গতকাল পালিত হল বিশ্ব পরিবেশ দিবস । সারাদিন জুড়েই চলেছে একাধিক কর্মসূচি । স্নাতক ও স্নাতকোত্তর সব ছাত্রীরাই অংশ নিয়েছিলেন এই অনুষ্ঠানে । প্রত্যেকটি বিভাগের ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক চেষ্টায় সফলভাবে সারাদিনে ৩২টি বেশি অনুষ্ঠান পালিত হয়েছে কলেজে ।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসিস্টেন্ট কমিশনার অফ পুলিশ উজ্জ্বল রায় , প্রফেসার রামকৃষ্ণ মাইতি , এবং স্থানীয় কাউন্সিলর বাপি ঘোষ মহাশয় । তাঁদের গুরুত্বপূর্ণ বক্তৃতা নতুন প্রজন্মকে সঠিক ভাবনা ও দিশা দেবে বলেই আশা করা যায় ।

একই সাথে গোটা অনুষ্ঠান জুড়ে যাদের উপস্থিতি অনুষ্ঠানকে অন্যমাত্রা দিল, কিছু কচিকাঁচা, যারা সারাবছর ‘সৃজন’-এর মাধ্যমে উইমেন্স কলেজ ক্যালকাটার সাথে জুড়ে থাকে । শুধুই কী বৃক্ষরোপণ ? পরিবেশের কোন কোন দিক নিয়ে ভাবা উচিত, কোনটা সঠিক কোনটা নয় সব কিছুই আলোচিত হয়েছে সারাদিনের অনুষ্ঠানে ।

প্রত্যেকটি বিভাগের ছাত্রীদের ছিল ভিন্ন ভিন্ন ভাবনা । যা সত্যিই প্রশংসা পাওয়ার মত । সবার চিন্তাতেই যে পরিবেশ বাঁচানোর ইচ্ছে বা চিন্তা স্পষ্ট তা গতকালের অনুষ্ঠান বুঝিয়ে দিয়েছে । আগামীদিনে এই পরিবেশকে রক্ষা করার দায়িত্ব যে তাদেরকেই ভাগ করে নিতে হবে, সেই দায়ভার নেওয়ার জন্য ছাত্রীরা প্রস্তুত, তা বলাই বাহুল্য ।

শুধু ছাত্রীরাই নন, এগিয়ে এসেছিলেন প্রাক্তনীরাও । তারাও নিজেদের মত করে সবার সাথে পালন করেছেন পরিবেশ দিবস । অধ্যক্ষা ড. অনুপমা চৌধুরীর উদ্যোগে বিতরন করা হয়েছে গাছ ও কাপরের থলিও ।

সারাদিন জুড়ে এমন করে পরিবেশ দিবস পালন করা বোধহয় খুব কম হয় । তবে উইমেন্স কলেজ ক্যালকাটা দেখিয়ে দিল ইচ্ছে থাকলেই উপায় হয় । পরিবেশ সচেতনতাকে জোর দিলেও অনুষ্ঠিত হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও । সংস্কৃতিও পরিবেশ গড়ে তা ছাত্রীরা ভোলেননি একেবারেই । সব মিলিয়ে বিশ্ব পরিবেশ দিবস অন্যমাত্রা পেয়েছিল কলেজের সকলের ভাবনায়-উদ্যোগে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

