পুলিশের নজর এড়াতে অ্যাম্বুলেন্সের ভেতরে মৃতদেহের জন্য ব্যবহৃত কফিনের ভেতরে ঢুকিয়ে গাঁজা পাচারের ছক বানচাল করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের(এসটিএফ) আধিকারিকেরা । মঙ্গলবার ফুলবাড়ি এলাকায় অ্যাম্বুলেন্সে কফিনের ভেতরে থাকা ৬৪কেজি গাঁজা বাজেয়াপ্ত করার পাশাপাশি এক মহিলা সহ চার পাচারকারীকে গ্রেফতার করল এসটিএফ ।
একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে অ্যাম্বুলেন্সটিকেও । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সমীর দাস,অপূর্ব দে,পাপ্পু মোদক ও সরস্বতী দাস । তাদের প্রত্যেকের বাড়ি কোচবিহার জেলার দিনহাটাতে । ধৃতদের মধ্যে সমীর দাস ওই অ্যাম্বুলেন্সের মালিক ও চালক । অপূর্ব দে দিনহাটায় গৃহশিক্ষকতার কাজ করে । অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা একটি মৃতদেহের কফিন থেকে ১৮টি প্যাকেটে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় । জানা গিয়েছে, মঙ্গলবার ফুলবাড়ি এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে সতর্ক ছিল এসটিএফ।
এদিন সকাল ১১টা নাগাদ অ্যাম্বুলেন্সটি ওই এলাকায় পৌছাতেই সেটিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় গাঁজা । প্রাথমিক তদন্তে এসটিএফ জানতে পারে পুটিমারী, দিনহাটার বাসিন্দা জনৈক অমল নামের চক্রের এক সদস্য এবং আটক অভিযুক্ত সমীর দাস বাকি তিনজনকে ত্রিপুরার আগরতলা থেকে বিহারে গাঁজা পাচারের কাজে লাগিয়েছিল । বাজেয়াপ্ত করা এই গাঁজা পাঠানো হচ্ছিল বিহারের বেগুসরাইতে । তবে তার আগেই এসটিএফের অভিযানে পর্দা ফাঁস হয়ে যায় এই চক্রের । এসটিএফ সূত্রে জানা গিয়েছে, পাচারকারীদের থেকে বিহারে থাকা চক্রের বেশকিছু সদস্যের মোবাইল নম্বরও সংগ্রহ করা হয়েছে । নিউ জলপাইগুড়ি থানায় নির্দিষ্ট ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

