।। স্বর্ণালী মান্না ।।
এগরার খাদিকুলের ছবি এখনও ভুলতে পারেননি মানুষ । এরই মধ্যে বিস্ফোরণকে কেন্দ্র করে বজবজের এক ভয়াবহ ছবি উঠে এল সামনে । রবিবার সন্ধ্যে সাড়ে ৭ টা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে বজবজ ।দক্ষিণ ২৪ পরগনার বজবজে নন্দরামপুর চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাজি কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণ হয় । দুর্ঘটনায় মৃত্যু হয় একই পরিবারের ৩ জনের । যেই বাড়িতে বাজি তৈরি করা হত, বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বাড়িটি । স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বাড়িটির দোতলায় চলত বাজি তৈরির কাজ ।অথচ বাজি তৈরি করার লাইসেন্সই ছিল না মালিকের ।ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে সিআইডি-কে ।

পর পর একই ধরণের ঘটনার জেরে সরগরম রাজনৈতিক মহল ।ইতিমধ্যেই বজবজের এই বিস্ফোরণকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর । এই ভয়াবহ ঘটনাকে তুলে ধরে, সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা, শুভেন্দু অধিকারী । একটি টুইট করে তিনি বজবজের ঘটনার এনআইএ তদন্তের দাবি করেছেন ।
অন্যদিকে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী কটাক্ষ করতে ছাড়েননি শাসকদলকে । তাঁর বক্তব্য, সরকারের নবজোয়ার কর্মসূচীতে এই ঘটনা নিয়ে আলোচনা হবে কি না তা তিনি জানেন না । তবে শাসকদলের হাতে এই রাজ্যের মানুষের সুরক্ষা নিয়ে তিনি যথেষ্ট শঙ্কায় আছেন বলে জানান ।
এগরার পর বজবজের এই দৃশ্যে যখন কার্যত মুখ পুড়ছে রাজ্যের শাসকদলের, তখন পাল্টা আক্রমণ করতে ছাড়লেন না তৃণমূল সাংসদ, শান্তনু সেন । বাম আমলের তাপসী মালিকের ঘটনা টেনে এনে তিনি বললেন, সিপিএমের মুখে এরকম কথা মানায় না, আর অধীর চৌধুরীর মুখেও এসব কথা শোভা পায় না ।
ঘটনাকেন্দ্রে সিপিএমের প্রতিনিধি দল এলে, তাঁদের ঢুকতে বাধা দেওয়া হয় বলে জানা গিয়েছে । ঢুকতে বাধা দেন স্থানীয় বাসিন্দারা । পাশাপাশি জানা যাচ্ছে, সাংবাদিকদেরও ঢুকতে বাধা দেওয়া হয় পুলিশ ও স্থানীয়দের পক্ষ থেকে । এমনকি কেড়ে নেওয়া হয়েছিল নিউজ টাইমের ক্যামেরাও । এহেন আচরণ প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে এলাকার পরিস্থিতিকে । প্রশ্ন উঠছে, তবে কি স্থানীয়দের সম্মতিতে ও প্রশাসনের মদতেই চলত এই অবৈধ বাজি কারখানা ? তথ্য সামনে উঠে আসার ভয়েই কি তাহলে সংবাদ মাধ্যমকে বাধা দেওয়া হল?
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

