ভয়াবহ বিস্ফোরণ বজবজে !

।। স্বর্ণালী মান্না ।।

দিন কয়েক আগেই এগরার বিস্ফোরণ সামনে এনেছিল এক ভয়ঙ্কর দৃশ্য । তার রেশ কাটতে না কাটতেই এবার বিস্ফোরণে কেঁপে উঠল বজবজ ।দক্ষিণ ২৪ পরগনার বজবজে নন্দরামপুর চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয় রবিবার সন্ধ্যে সাড়ে ৭ টা নাগাদ ।

এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের ।মৃত্যু হয়েছে ৩৫ বছর বয়সী পম্পা দাস ও তাঁর ১৩ বছরের মেয়ের । অপর মৃত ব্যক্তির নাম যমুনা দাস । বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িটি । ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী । ঘিঞ্জি এলাকা হওয়ার জেরে দমকলের বড় ইঞ্জিন পাঠানো সম্ভব না হওয়ায় দমকলের ছোট ইঞ্জিন দিয়েই বিপর্যয় সামাল দিতে হয় ।

পুলিশ সূত্র মারফৎ জানা যাচ্ছে, বিস্ফোরণস্থলে পাওয়া গেছে নিষিদ্ধ শব্দবাজি ও বারুদ । পাশাপাশি জানা যাচ্ছে মহেশতলা ও বজবজ থানার পুলিশ একত্রে এলাকায় তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে বাজি উদ্ধার করেছে । উদ্ধার হয় প্রায় ৩৭ হাজার কেজি বাজি ।বাজেয়াপ্ত করা বাজি ও বারুদ নিয়ে যাওয়া হয়েছে মহেশতলা থানায় । রীতিমতো গোডাউনে পরিণত হয়েছে থানা । ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩৭ জন কে ।

ঘটনার তদন্তে এসেছে সিআইডি-র একটি প্রতিনিধি দল । ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয়েছে বেশ কিছু নমুনা ।পাশাপাশি জানা যাচ্ছে বিস্ফোরণস্থল খতিয়ে দেখতে আসতে চলেছে ফরেনসিক দলও ।

স্থানীয় সূত্রেও জানা যাচ্ছে, বাড়িটির দোতলায় চলত বাজি তৈরির কাজ ।অথচ বাজি তৈরি করার লাইসেন্সে ছিল না মালিকের ! এই ঘটনায় দমকল সূত্রে জানা গিয়েছে, তদন্ত না করা পর্যন্ত জানানো যাবে না বিস্ফোরণের কারণ ।

তবে এই ঘটনায় উঠে আসছে কিছু চাঞ্চল্যকর তথ্য ।যে কোনও কারখানা তৈরির ক্ষেত্রে মানতে হয় কিছু বিধি নিষেধ । নিয়ম রয়েছে, কারখানা হওয়া দরকার কোনও জলাশয়ের পাশে । কোনও জনবসতিপূর্ণ এলাকায় কারখানা তৈরি করার নিয়ম নেই । অথচ বজবজের এই দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এমন কোনও নিয়মই মানা হয়নি এই ক্ষেত্রে ।  

উপরন্তু, সাংবাদিকরা এলাকায় ঢুকতে গেলে পুলিশ ও স্থানীয়রা তাঁদেরকে বাধা দেয় । কেড়ে নেওয়া হয় নিউজ টাইমের ক্যামেরাও । প্রশ্ন উঠছে, তবে কি স্থানীয়দের সম্মতিতে ও প্রশাসনের মদতেই চলত এই অবৈধ বাজি কারখানা ?

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube