জলপাইগুড়িঃ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে দাদার বাড়ি থেকে ভাইয়ের রক্তাক্ত দেহ উদ্ধার । শনিবার সকালে ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে । মৃত ব্যক্তির নাম সুরেশ রায় ও তাঁর বয়স আনুমানিক ৪৭ বছর ।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ধূপগুড়ি ব্লকের উত্তর গোঁসাইয়ের হাট এলাকার বাসিন্দা সুরেশ রায়ের পরিবারে রয়েছেন স্ত্রী ও এক ছেলে । ঘটনার দিন তাঁর স্ত্রী ছেলেকে নিয়ে বাপের বাড়িতে ছিলেন । যার ফলে, শুক্রবার রাতে একাই বাড়িতে ছিলেন সুরেশ রায় ।
সূত্রের খবর, সকালে ঘুম থেকে উঠে দাদার বাড়ির লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় ভ্যানের ওপর পড়ে থাকতে দেখেন । তাদের চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা । খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায় ।
খবর পেয়ে আইসি সুজয় তুঙ্গার নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী । পুলিশ এসে দেখে মৃত ব্যক্তির বাড়িতে পড়ে রয়েছে লাঠি ।পাশাপাশি বিভিন্ন জায়গায় পাওয়া যায় রক্তের দাগ । এই নিয়েই সন্দেহের দানা বাঁধছে এলাকাবাসীদের মনে ।
স্থানীয়দের অনুমান, বাড়িতেই প্রথমে তাকে মারধর করা হয় ।এরপরে বাঁচার তাগিদে রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার সময় সেখানেও তাকে আঘাত করা হয় বলে প্রাথমিক অনুমান এলাকাবাসীদের । অবশেষে নিজের দাদা সুরেন রায়ের বাড়ি থেকে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় ভ্যানের উপরে উদ্ধার হয় তার দেহ । কিন্তু কে বা কারা এ ঘটনা ঘটালো তা এখনও পরিষ্কার নয় । মৃত ব্যক্তির স্ত্রী, অঞ্জলি রায় জানিয়েছেন, তার স্বামী বেশ কিছু দিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন । আগে ভ্যান চালাতেন কিন্তু ইদানিং কোন কাজ করছিলেন না । তিনি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান । এই নিয়ে বিভিন্ন সময় প্রতিবেশীরা তাকে বিভিন্ন ধরনের কথাও বলতেন । তার অভিযোগ, এর আগেও তার স্বামীকে প্রতিবেশীরা মারধর করেছিলেন ।
তাঁর অভিযোগ হত্যা করা হয়েছে তার স্বামীকে । ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ ।পুলিশ দেহ নিজেদের হেফাজতে নিয়েছেন ।তবে মৃত্যুর আসল কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে বলে জানান হয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

