।। সুজিত দুয়ারি ।।
অসুস্থ স্বামীকে হাসপাতালে ভর্তি করে বেপাত্তা স্ত্রী । উত্তর ২৪ পরগনার হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা । ৬ দিন ধরে হাসপাতাল মর্গে রয়েছে বছর সত্তরের এক বৃদ্ধর দেহ । কিন্তু খোঁজ নেই মৃতের স্ত্রীর এবং আত্মীয় পরিজনের । কে করবে মৃতদেহের সৎকার ? কঠিন বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । আপাতত হাসপাতাল মর্গে রাখা রয়েছে দেহ । তবে গরমে সেই দেহ ধীরে ধীরে খারাপ হতে চলেছে । মৃত বৃদ্ধর নাম বাবু পাল । তার স্ত্রীর পরিচয় দিয়ে যিনি ভর্তি করেছিলেন বৃদ্ধকে, তার নাম অঞ্জু পাল । হাসপাতালের নথিতে তারা তাদের ঠিকানা লিখিয়েছেন দত্তপুকুরের বিরা জয়পুল । তবে পুলিশ পাঠিয়েও ওই ঠিকানায় বৃদ্ধর কোন বাসস্হান পাওয়া যায়নি ।
অজ্ঞাত পরিচয় বলা যাবে না, কারণ নাম পরিচয় দিয়েই হাসপাতালে ভর্তি করিয়েছিলেন অসুস্থ স্বামীকে । হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে চলতি মাসের ১৯ তারিখ দুপুরে উত্তর চব্বিশ পরগনার বিরা জয়পুলের বাসিন্দা অঞ্জু পাল “স্ত্রী” পরিচয় দিয়ে ষাটোর্ধ অসুস্থ স্বামী, বাবু পাল নামে এক ব্যক্তিকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন ।ওই দিন বিকেলেই তার স্বামী, বাবু পাল, হাবড়া হাসপাতালে মারা যান । কিন্ত ওই ব্যাক্তির মৃত্যুর পরে তাঁর স্ত্রী বা কোনো আত্মীয় পরিজনের সাথে যোগাযোগ করতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ । মৃতের পরিবারের কোনো সন্ধান না মেলায় ছ’দিন ধরে মৃতদেহ রাখা রয়েছে হাবড়া হাসপাতাল মর্গে ।হাবড়া হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাস জানিয়েছেন, “স্ত্রীর পরিচয় দিয়ে অঞ্জু দেবী তার স্বামী বাবু পালকে পায়ে পচন ধরা অবস্থায় হাবড়া হাসপাতাল নিয়ে এসেছিলেন । তাঁকে সঙ্গে সঙ্গে ভর্তিও করে নেওয়া হয় ।ডকুমেন্টস না আনলে যে চিকিৎসা শুরু হবে না তাতো নয়, তাই নাম পরিচয় নিয়েই তড়িঘড়ি রোগীকে ভর্তি করানো হয় । এমনকি ছিল না কোনো ফোন নাম্বারও” ।
ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ বিরা জয়পুল এলাকার পার্শ্ববর্তী হাবড়া থানা এবং দত্তপুকুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের বিষয়টি জানিয়েছেন, কিন্ত প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করেও ওই এলাকায় ওই নাম পরিচয়ের কারোর খোঁজ মেলেনি ।এমনকি বিষয়টি জানানো হয়েছে মহাকুমা শাসককেও । এছাড়াও জেলার বিভিন্ন স্বাস্থ্য বিভাগে বিষয়টি জানানো হয়েছে ।
যেহেতু নাম পরিচয় দিয়েই রুগীকে ভর্তি করা হয়েছিল সেহেতু মৃত ব্যক্তিকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিও বলা যাবে না । এমনকি এই মুহূর্তে করা যাবেনা মৃতদেহের সৎকার ।এই ঘটনায় যে চরম বিপাকে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ একপ্রকার সেই কথা স্বীকার করে নিয়ে হাবড়া হাসপাতাল সুপার বিবেকানন্দ বিশ্বাস মৃত ব্যাক্তির চেহারার বিবরণ দেওয়ার পাশাপশি তিনি বলেন আমরা চাই পরিবারের লোকজন এসে মৃতদেহ নিয়ে যাক । এমনকি কে বা কারা বাবু পালকে হাসপাতালে নিয়ে এলেন সেটা জানতে হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন সুপার । প্রশ্ন উঠছে- তাহলে কি এর পিছনে কোন রহস্য আছে? অথবা তাহলে কি বৃদ্ধকে হাসপাতালে ভর্তির সময় হাসপাতাল কর্তৃপক্ষকে ইচ্ছাকৃত ভুল ঠিকানা দেওয়া হয়েছে? ঘুরপাক খাচ্ছে হাজারো প্রশ্ন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

