ক্যানিং: সুন্দরবনে বাঘের সঠিক সংখ্যা জানতে ২০২১ সালের ডিসেম্বরে জঙ্গলের বিভিন্ন প্রান্তে ক্যামেরা বসিয়ে বাঘের ছবি তুলেছে বন দফতর । সেই ছবিই বিচার বিশ্লেষণ করে অবশেষে সুন্দরবনে বাঘের সংখ্যা প্রকাশিত করা হয়েছে।
রবিবার সারা দেশের সাথে সুন্দরবনের বাঘের সংখ্যাও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । শেষ অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশানের তুলনায় এবার সুন্দরবনে বাঘের সংখ্যা অনেকটাই বেড়েছে বলে রিপোর্টে প্রকাশিত হয়েছে । বাঘের এই সংখ্যা বৃদ্ধির ফলে খুশি বন দফতর থেকে শুরু করে সুন্দরবনে পর্যটন ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীরাও ।

বর্তমানে সুন্দরবনে কমপক্ষে ১০০ টি বাঘ রয়েছে বলে রিপোর্টে জানিয়েছে বন দফতর । জঙ্গলের মধ্যে বসানো ১১৪৬ টি স্বয়ংক্রিয় ক্যামেরায় তোলা ছবি বিচার বিশ্লেষণ করে বাঘের এই সংখ্যা নির্ধারণ করেছেন বাঘ বিশেষজ্ঞরা । তাঁদের দাবি অনুযায়ী, এই ১০০ টি বাঘ ক্যামেরার সামানে আসায় তাঁদের ছবি উঠেছে । কিন্তু যে সমস্ত বাঘ ক্যামেরার সামনে আসেনি তাদের ছবি ওঠেনি । ফলে একটা বিষয় সম্পর্কে বন দফতর নিশ্চিত যে সুন্দরবনে বাঘের সংখ্যা ১০০’র বেশি থাকতেই পারে তবে ১০০’র কম নয় । এই গণনার মধ্যে অবশ্য ব্যাঘ্র শাবকদের হিসেব ধরা হয়নি বলেই জানিয়েছে বন দফতর ।

২০১৮ সালে হওয়া অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশানের রিপোর্ট অনুযায়ী সুন্দরবনে ৮৫ টি বাঘ ছিল। যদিও ২০২০-২০২১ বন দফতরের তরফে সুন্দরবনের জঙ্গলে ক্যামেরা বসিয়ে একই পদ্ধতিতে বাঘের ছবি তুলে গণনা করে ৯৬টি বাঘ মিলেছিল সুন্দরবনের জঙ্গলে । সঠিক সংরক্ষণের কারণেই সুন্দরবনে বিগত কয়েক বছরে বাঘের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন। বাঘের সংখ্যা বাড়ায় যথেষ্ট খুশি পর্যটন ব্যবসায়ীরাও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

