কাকভোরের বৃষ্টিতে ভিজলো কলকাতা, অপেক্ষা এবার পারা পতনের

নিউজটাইম ওয়েবডেস্ক : পূর্বাভাস আগেই দেওয়া ছিল। সেই পূর্বাভাস মিলিয়ে শনিবার কাকভোরে বেশ ভালই বৃষ্টিতে ভিজে নিল কলকাতা। এদিন ভোর সাড়ে ৪টে থেকে সকাল ৬টা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে। সকাল থেকেই চোখে পড়েছে আকাশের মুখ ভার। তার জেরে খুব ঠান্ডা না লাগলেও বাতাসের ছোঁয়ায় শিরশিরানি বয়ে গিয়েছে শরীরে। সেই শিরশিরানি যেন বয়ে এনেছে শীর আসার বার্তা। সব কিছু ঠিক থাকলে আগামী সোমবার থেকেই বড়সড় পারা পতনের সাক্ষী হতে চলেছে তামাম বাংলা। খাস কলকাতার বুকেই পারা ২০ ডিগ্রির নীচে নেমে ১৫ তে এসে দাঁড়াতে পারে, এমনটাই মনে করা হচ্ছে।
 
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ দিনভর আকশের মুখ গোমড়াই থাকবে। দেখা মিলবে না সূর্যের। দিনে গরম কম লাগলেও রাতের দিকে অস্বস্তি হতে পারে। তবে আজও বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। আগামীকালও রাজ্যের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ভাবে। তবে আগামীকাল থেকেই আকশের মেঘ কেটে যেতে চলেছে। সোম সকাল থেকেই মিলবে মেঘমুক্ত আকাশ আর রোদে ঝলমল দিন। আর তার হাত ধরেই সোমবার থেকেই শুরু হবে পারা পতনের খেলা। কার্যত আগামী সপ্তাহ জুড়েই চলবে সেই পারা পতন। তার জেরেই কলকাতার এখন সর্বনিম্ন যে তাপমাত্রা ২০ ডিগ্রির ওপরে রয়েছে সেটাই নেমে আসতে পারে ১৫ ডিগ্রিতে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে সেই তাপমাত্রা ১২ ডিগ্রিতে এসে নামতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তা ১০ ডিগ্রিতে গিয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়ার এই বদলকেই তাঁরা শীতের আগমণ হিসাবে দেখছেন।
 
একই সঙ্গে জানা গিয়েছে কাশ্মীরের বুকে এবার একের পর এক পশ্চিমি ঝঞ্ঝা আসতে চলেছে। সে সব ঝঞ্ঝার হাত ধরে এই বাংলাতেও লাগাতার ঠান্ডার অনুভূতি বাড়বে। তবে আশঙ্কাও থাকছে। বঙ্গোপসাগরের জল ক্রমাগত উষ্ণ হতে থাকায় যেমন ঘন ঘন নিম্নচাপ বা ঘূর্ণীঝড়ের সৃষ্টি হচ্ছে তেমনি এই শীতের মুখে বিপরীত ঘূর্ণাবর্তের সম্ভাবনাও দেখা দিতে পারে। তার জেরে উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা শুকনো ঠান্ডা বাতাসের সামনে পাঁচিত তুলে দিতে পারে দক্ষিনের জোলো বাতাস। তার জেরে এদিন যেমন কাকভোরের বৃষ্টি আর গোমড়ামুখো আকাশের দেখা মিলেছে তেমনিই আবহাওয়ার দেখা মিলতে পারে বাংলার শীতকালে। আর যদি তা না হয় তাহলে হলপ করে বলে যায় এবারে বাংলার বুকে শীত কার্যত নতুন নতুন রেকর্ড নিয়ে হাজির হবে। কোভিড আবহে সেই হাড়কাঁপানো শীতকেও বাঙালি দীর্ঘদিন মনে রাখবে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube