নিউজটাইম ওয়েবডেস্ক : বুধবার সকাল থেকেই আমজনতার জন্য চাকা গড়াতে চলেছে লোকাল ট্রেনের। তার ঠিক আগের দিনই বাংলায় সুস্থতার হার ছুঁয়ে ফেললো ৯০ শতাংশের ঘর। কার্যত সুস্থতার হার পার হয়ে গেল ৯০ শতাংশ। একই সঙ্গে কমলো মৃত্যুর সংখ্যাও। তবে লোকাল ট্রেন চালু হওয়ার দিন দুই তিনেক থেকে এক সপ্তাহের মধ্যেই ঠিক বোঝা যাবে আগামী দিনে এই সুস্থতার হার আরও বাড়বে নাকি তা কমে সংক্রমণের হার আবারও উর্ধ্বমুখী হবে। যদিও চিকিৎসক থেকে বিশেষজ্ঞরা বার বার বলছেন লোকাল ট্রেন চললে সংক্রমণ কার্যত শুধু ভয়াল রূপই নেবে তাই নয়, কার্যত হাতের নাগালের বাইরেও চলে যাবে। কিন্তু সেই সঙ্গে এটাও মাথায় রাখতে হচ্ছে লোকাল ট্রেন না চললে আমজনতার কর্মক্ষেত্রে যোগদান কার্যত অসম্ভব হয়ে পড়বে। তার জেরে কয়েক লক্ষ মানুষের আয় চূড়ান্ত ভাবে অনিশ্চিত হয়ে পড়বে। এই কারনেই কলকাতা হাইকোর্টে লোকাল ট্রেন নিয়ে দায়ের হওয়া মামলায় মঙ্গলবার কোনওরকমের স্থগিতাদেশ দেননি মাননীয় বিচারপতি। তবে আগামী দিনে সংক্রমণ কোথায় গিয়ে পৌঁছায় তার দিকে সকলেরই চোখ থাকবে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য সরকার যে কোভিড তথ্য তুলে ধরেছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘন্টায় রাজ্যে কমেছে সংক্রমণের হার। বেড়েছে সুস্থতা। কমেছে মৃত্যুও। রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৮৯১জন, সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৪১৫জন, মারা গিয়েছেন ৫৩জন, কোভিড টেস্ট করিয়েছেন ৪৪ হাজার ১১৭জন। রাজ্যে সক্রিয় কোভিড কেস রয়েছে ৩৩ হাজার ৪৪৪টি। সামগ্রিকভাবে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ১৩ হাজার ১১২জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৭২ হাজার ২৬৫জন। মারা গিয়েছেন ৫৩জন। একই সঙ্গে এদিন কোভিড টেস্টের সংখ্যা পার হয়ে গেল ৫০ লক্ষের ঘর। রাজ্যেকোভিড টেস্টের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লক্ষ ৩ হাজার ২০৪। কোভিডে রাজ্যে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯০.১১ শতাংশ। পজিটিভের হার দাঁড়িয়েছে ৮.২৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় রাজ্যে যে ৫৩জন মারা গিয়েছেন তাঁদের মধ্যে উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন ১৭জন ও কলকাতায় ১৫জন। ৪জন করে মারা গিয়েছেন পূর্ব মেদিনীপুর ও জলপাইগুড়িতে। ৩জন করে মারা গিয়েছেন হাওড়া ও হুগলিতে। ২জন করে মারা গিয়েছেন নদিয়া ও দক্ষিন ২৪ পরগনায়। ১জন করে মারা গিয়েছেন দার্জিলিং, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুরে।
এখন রাজ্যের মধ্যে সব থেকে বেশি কোভিড প্রভাবিত জেলা হল কলকাতা আর উত্তর ২৪ পরগনা। এই দুই জেলায় এখনও পর্যন্ত কোভিডে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৭৩ হাজারের কিছু বেশি মানুষ। এদের মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন প্রায় ১ লক্ষ ৫৫ হাজার মানুষ। দুই জেলা মিলিয়ে মোট মৃতের সংখ্যা ৪ হাজারের কিছু বেশি। স্বাভাবিক ভাবে দেখা যাচ্ছে রাজ্যে কোভিডে যত মানুষ আক্রান্ত হচ্ছেন, সুস্থ হয়ে উঠছেন বা মারা যাচ্ছেন তার অর্ধেকই এই দুই জেলার মানুষ। আবার এই দুই জেলাতেই কিন্তু বুধবার সকাল থেকে সব থেকে বেশি লোকাল ট্রেন চলবে। একই সঙ্গে লোকাল ট্রেনের দরুন দক্ষিন ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর ও পূর্ব বর্ধমান জেলায় সংক্রমণ বাড়ার বেশ সম্ভাবনা রয়ে গিয়েছে। তাই এখন যা কমতির দিকে রয়েছে সেই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আগামী দিনে কিন্তু বেড়ে যেতেই পারে।
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

