নিউজটাইম ওয়েবডেস্ক : গতকাল রাতেই গিয়েছে চিঠি। রবি সকালেই মিলল সুস্পষ্ট আশ্বাস। সোম বিকালেই নবান্নে বসতে চলেছে বৈঠক। সেখানেই ঠিক হতে চলেছে রেলকর্মীরা ছাড়াও আমজনতা এবার থেকে পূর্ব ও দক্ষিন পূর্ব রেলের লোকাল ট্রেনে সফর করতে পারবেন কী পারবেন না। গতকাল রাতে হাওড়া স্টেশনে ঘটে যাওয়া বিক্ষোভের জেরে কার্যত চতুর্দিক জুড়ে নিন্দা ছড়িয়েছে আরপিএফ কর্মীদের মারমুখী ভঙ্গিমায়। কেন যাত্রী তথা বিক্ষোভকারীদের এভাবে মারা হল আর কার নির্দেশে লাঠিচার্জের ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্তের দাবিও উঠেছে। এই রকম অবস্থায় রাজ্যের চিঠি তথা প্রস্তাবে সাড়া না দিয়ে রেলের হাতেও কোনও উপায় ছিল না।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামীকাল বিকাল ৫টায় রেল ও রাজ্যের বৈঠক বসতে চলেছে। রাজ্যের তরফে বৈঠকে মুখ্য ভূমিলা পালন করবেন মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়। রেলের তরফে বৈঠকে হাজির থাকবেন থাকবেন পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরা। বৈঠকে লোকাল ট্রেন নিয়ে জট কাটতে পারে বলে ইঙ্গিত মিলেছে রেলের তরফেও। বৈঠকে উপস্থিত থাকার কথা, দুই রেলের এজিএম, চিফ অপারেশন ম্যানেজার, চিফ সিকিউরিটি কমিশনার সহ রেল আধিকারিকদের। অপরদিকে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরাও এই বৈঠকে থাকতে পারেন। সূত্রের খবর, মুম্বইয়ের ধাঁচে শুধু জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা, নাকি সব যাত্রীরা লোকাল ট্রেনে উঠতে পারবেন মূলত তা নিয়েই আলোচনা হবে। একই সঙ্গে নিরাপত্তার বিষয়টি নিয়েও আলোচনা হবে। কত সংখ্যক ট্রেন চালানো হবে তাও আলোচনায় উঠে আসবে। রেল সূত্রে খবর, তারা যাবতীয় প্রস্তুতি সেরেই বৈঠকে যোগ দেবে।
তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের তরফে প্রস্তাব দেওয়া হবে সকালে ও বিকালে কিছু বাড়তি লোকাল ট্রেন চালানোর জন্য যেখানে আমজনতা চড়তে পারবে। কারন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা বাদেও রাজ্যের একটা বড় অংশের মানুষ লোকাল ট্রেনের ওপর চূড়ান্ত ভাবে নির্ভরশীল। হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, দুই ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলার মানুষ এখন কার্যত লোকাল ট্রেনে চাপতেই পারছেন না। আর চাপতে না পারার দরুন তাঁরা কর্মস্থলে যেতেও পারছেন না। ফলে চূড়ান্ত আর্থিক অনিশ্চয়তা ও দৈন্যদশায় তাঁদের জীবন কাটছে। এই রকম অবস্থায় শুধুমাত্র রেলকর্মী ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষের লোকাল ট্রেনে চাপার ছাড়পত্র দিলে আমজনতার সমস্যার কোনও সমাধান হবে না। আমজনতা যাতে মেট্রোর মত লোকাল ট্রেনে চড়তে পারেন রাজ্যে এখন সেটাই নিশ্চিত করতে চাইছে।
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

