ঈশ্বরকে ডাকুন, চিকিৎসায় ঠিক সাড়া দেবেন ‘অপু’! অভিমত চিকিৎসকের

নিউজটাইম ওয়েবডেস্ক : অপরাজিত অপু এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন মৃত্যুর বিরুদ্ধে। চিকিৎসকদের আশা, ওষুধ ও চিকিৎসায় ঠিকই সাড়া দেবেন বাঙালির ফেলুদা। তবে তাঁর অবস্থা এখনও সংকটজনকই। রেনাল ফাংশানের উন্নতির জন্য ডায়ালিসিস করার সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকরা। প্রথম দফায় ২-৩টি এপিসোডের ডায়ালিসিস করা হবে বলে বেলভিউ হাসপাতালের পক্ষ থেকে জানানোও হয়েছিল। বুধবার সন্ধ্যাবেলায় প্রথম দফার ডায়ালিসিস ভালভাবেই শেষ হয়েছে। রক্তচাপে কোনও সমস্যা হয়নি। বেশিরভাগ প্যারামিটারই স্বাভাবিক রয়েছে। কোনও সাপোর্ট ছাড়াই সৌমিত্র চট্টোপাধ্যায়ের ব্লাড প্রেশার এখন ১৪৫/৯০। তবে এখনও অনেকটাই আচ্ছন্নভাব রয়েছে। তাই এখনও ৫০ শতাংশের ভেন্টিলেশন সাপোর্টের প্রয়োজন হচ্ছে তাঁর। তবে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রয়েছে। রক্তক্ষরণও হচ্ছে না। শরীরে জ্বরও নেই। তবুও সৌমিত্রের প্রধান চিকিৎসক অরিন্দম কর জানিয়েই দিলেন, ‘ঈশ্বরকে ডাকুন, যেন উনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’
 
একইসঙ্গে তিনি এটাও বৃহস্পতিবার জানিয়েছেন যে, ‘আগের মতোই অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছেন অভিনেতা। অবস্থার উন্নতি যে হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। প্রয়োজন মতো অ্যান্টি বায়োটিক আপডেট করা হচ্ছে। আশা করছি সেগুলো কাজ করবে। তবে এখনও তাঁর শারীরিক অবস্থা বেশ সংকটজনক। আমরা আমাদের তরফে সবরকম চেষ্টা করছি। উনিও দারুণভাবে লড়াই করছেন। এই বয়সে কো-মর্বিডিটি নিয়ে লড়াই করা অত্যন্ত কঠিন। ঈশ্বরের কাছে ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি। আপনারাও ঈশ্বরেরে কাছে প্রার্থনা করুন।’ উল্লেখ্য, গত ৬ অক্টোবর থেকে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কোভিডে আক্রান্ত হওয়ার জেরেই তাঁর হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ে। প্লাজমা থেরাপির পর তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। সেইসঙ্গে চিকিৎসাতেও সাড়া দিতে থাকেন তিনি। কিন্তু আচমকাই তাঁর শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ে। এদিনও চিকিৎসকরা জানিয়েছেন, সৌমিত্রর শরীরে সমস্যা বাড়িয়েছে কোভিড এনসেফ্যালোপ্যাথি। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube