সংক্রমণকে পিছনে ফেলে এগিয়ে গেল সুস্থতা! রাজ্যে মৃত সেই ৬০

নিউজটাইম ওয়েবডেস্ক : পুজোর রেশ যত কাটছে রাজ্যে কোভিডের সংক্রমণ ততই কমছে। বাড়ছে সুস্থতার হারও। সেই হার বুধ সন্ধ্যায় হারিয়ে দিল সংক্রমণের হারকেও। মাত্র ১ সংখ্যার ব্যবধানে হলেও এগিয়ে গেল সুস্থতার সংখ্যা। তবে রাজ্যে কোভিডে মৃতের পাল্লা সেই গড়পড়তা ৬০ রয়েই গিয়েছে। সেই সংখ্যার মধ্যে আবার দেখা যাচ্ছে হোম আইসোলেশনে থাকা ব্যক্তিকেও। মানে হোম আইসোলেশনেও পুরোপুরি ঠেকানো যাচ্ছে না মৃত্যুকে। যদিও রাজ্য স্বাস্থ্য দফতর এবার হোম আইসোলেশনে মৃত্যুর ঘটনা ঠেকাতে বাড়তি পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে জানা গিয়েছে আগামী ৫ নভেম্বর নবান্নে বিশেষ বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কোভিডের প্রকোপ ঠেকাতে বিশেষ কিছু নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। অন্তত নবান্নে সূত্রে তেমনটাই জানা গিয়েছে।
 
বুধ সন্ধ্যায় রাজ্য সরকার যে কোভিড তথ্য তুলে ধরেছে তাতে দেখা যাচ্ছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে কোভিডের নতুন সংক্রমণের ঘটনা ঘটেছে ৩ হাজার ৯২৪টি। সেখানে সুস্থতার সংখ্যা ৩ হাজার ৯২৫টি। মারা গিয়েছেন ৬০জন। কোভিড টেস্ট করিয়েছেন ৪২ হাহার ৫৫৩জন। রাজ্যে সক্রিয় কোভিড কেস রয়েছে ৩৭ হাজার ১১১টি। সামগ্রিক ভাবে রাজ্যে মোট সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৬১ হাজার ৭০৩জন, সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ১৭ হাজার ৯২৮জন, মারা গিয়েছেন ৬ হাজার ৬৬৪জন ও কোভিড টেস্ট করিয়েছেন ৪৪ লক্ষ ২৫ হাজার ২৩১জন। রাজ্যে সুস্থতার হার দাঁড়িয়েছে ৮৭.৯০ শতাংশ ও পজিটিভ কেসের হার দাঁড়িয়েছে ৮.১৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় যে ৬০জন মারা গিয়েছেন তাঁদের মধ্যে ১৯জন উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা ও ১৮জন কলকাতার বাসিন্দা। নদিয়া ও দক্ষিন ২৪ পরগনা জেলায় মারা গিয়েছেন ৪জন করে। হাওড়ায় মারা গিয়েছেন ৩জন।
 
এদিকে আগামী ৫-ই নভেম্বর নবান্নে উন্নয়ন ও কোভিড নিয়ে পর্যালোচনা বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওইদিন তিনি বৈঠক করবেন রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে। বৈঠকে থাকবেন বেশ কিছু দফতরের মন্ত্রীরাও। বিভিন্ন দফতরের আমলারাও ওই বৈঠকে যোগ দিতে পারেন বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে। জেলাগুলির সামগ্রিক উন্নয়ন নিয়ে এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা করবেন। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ কয়েক মাস ধরে কিছুটা হলেও থমকে রয়েছে রাজ্যের উন্নয়নের গতি। সেই গতি যাতে ত্বরান্বিত হয় সে বিষয়ে বৈঠকে বেশ কিছু পরামর্শ দিতে পারেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে কোভিডে আক্রান্তের সংখ্যা কিভাবে কমিয়ে আনা যায় সেই বিষয় নিয়েও মুখ্যমন্ত্রী আলোচনা করবেন ওই বৈঠকে।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube