নিউজটাইম ওয়েবডেস্ক : অবশেষে উদ্বেগ আর উৎকণ্ঠার অবসান। গোটা বিশ্ববাসী চাতক পাখির মতো যে সঞ্জীবনীর অপেক্ষায় সেই করোনা ভ্যাকসিন আগামী মাসেই আসছে হাতের মুঠোয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিন আগামী মাসে অর্থাৎ নভেম্বরেই আসতে পারে। অক্সফোর্ডের এই ভ্যাকসিনের প্রথম চালান গ্রহণ করার জন্য লন্ডনের এক হাসপাতালকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।
সোমবার ব্রিটিশ দিনিক ‘দ্য সান’ জানিয়েছে, ‘লন্ডনের ওই হাসপাতালকে আগামী ২ নভেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহে অক্সফোর্ডের ভ্যাকসিনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু চিকিৎসকরা এ খবরে যথেষ্টই আশান্বিত। বিশ্বজুড়ে এখন পর্যন্ত যে কয়টি ভ্যাকসিন শেষ ধাপের পরীক্ষায় অর্থাৎ তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে পৌঁছেছে তার মধ্যে অন্যতম অক্সফোর্ডের ভ্যাকসিন। ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড যৌথভাবে বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিনটির পরীক্ষা চালিয়ে যাচ্ছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে এক স্বেচ্ছাসেবকের অসুস্থ হয়ে পড়া ও ব্রাজিলে এক স্বেচ্ছাসেবকের মৃত্যুর ঘটনায় কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছিলেন অক্সফোর্ডের গবেষকরা। যদিও পরবর্তী ক্ষেত্রে জানানো হয়, সংস্থার তৈরি করোনা ভ্যাকসিন গ্রহণের ফলে ওই অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অন্যদিকে, সোমবারই ব্রিটিশ দৈনিক ‘দ্য ফিন্যান্সিয়াল টাইমস’ জানিয়েছে, অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তবয়স্ক ও প্রবীণদের শরীরে করোনার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে। ভ্যাকসিনটি অ্যান্টিবডি ও টি-সেল তৈরি করতেও সক্ষম হয়েছে। প্রবীণ এবং বয়স্ক স্বেচ্ছাসেবীদের শরীরে ইমিউনোজেনিসিটি রক্ত পরীক্ষায় এসব তথ্য পাওয়া গিয়েছে। যদিও এই প্রতিবেদনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি অক্সফোর্ডের গবেষক ও অ্যাস্ট্রাজেনেকার শীর্ষ পদাধিকারীরা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

