করোনা আক্রান্ত সৌমিত্র, ভর্তি বেলভিউতে

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আপাতত মিন্টো পার্কের কাছে এই হাসপাতালে চিকিৎসাধী রয়েছেন এই অভিনেতা। তবে বয়স ও অন্য রোগের কথা ভেবে এখনই কোনওরকম ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকেরা। মোটের উপর স্থিতিশীল রয়েছেন অভিনেতা, বলেই মঙ্গলবার সকালে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

গত কয়েকদিন ধরেই সামান্য শরীর খারাপ ও করোনার সামান্য কিছু উপসর্গ ছিল। এরপরেই তাঁর করোনা পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু চিকিৎসকেরা কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করে নেন। কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আপাতত স্থিতিশীলই রয়েছেন অভিনেতা। এই খবর প্রকাশ্যে আসার পর সিনেমাজগতের সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। যদিও বয়সের কারণে লকডাউনের পর আর সেভাবে শুটিং করছিলেন না এই অভিনেতা। কিন্তু তা সত্ত্বেও করোনায় আক্রান্ত হলেন তিনি।

উল্লেখ্য, শুধু আমাদের রাজ্যই নয় সারা দেশের বহু অভিনেতাই করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও তার মধ্যে সুস্থ হয়ে ওঠার সংখ্যাই বেশি। এর পাশাপাশি, কলকাতার পুলিশ কমিশনার থেকে শুরু করে রাজ্যে প্রায় এক ডজন মন্ত্রী, দু’ডজন বিধায়ক-সাংসদ করোনায় আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে হাতেগোনা কয়েকজন মারা গিয়েছেন। কিন্তু বেশিরভাগই সুস্থ হয়ে কাজে ফিরেছেন। ফলে আশা করাই যায় সৌমিত্র চট্টোপাধ্যায়ও দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। তারপর ফের কাজে যোগ দেবেন।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আগামী কয়েকদিন কড়া পর্যবেক্ষণে রেখে অভিনেতার শারীরিক সব পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তারপর দিন সাতেক বাদে ফের কোভিড পরীক্ষা করিয়েই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। আশা করা যায় সবকিছু ঠিকই থাকবে। ইতিমধ্যেই অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় সারা রাজ্যজুড়েই প্রার্থনাও শুরু হয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube