নিউজটাইম ওয়েবডেস্ক : “ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে ১৫টা ট্রেন এসে গিয়েছে। ১০০টি ট্রেন বুক করা হয়েছে। আগামী দু-তিনদিনের মধ্যে আরও ১২০ টি ট্রেন চাইব। মোট ২৩৫ টি ট্রেন আসবে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে সবাইকে ফিরিয়ে আনব।” পরিযায়ী শ্রমিকদের এবার রাজ্যে ফেরাতে আরও তৎপর বাংলার মুখ্যমন্ত্রী। সোমবার নবান্ন থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য এই বিশেষ ঘোষণা করলেন মমতা বন্দোপাধ্যায়।
পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানো প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “ইতিমধ্যে আড়াই লাখ মানুষ এসে গিয়েছে। দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট সব জায়গা থেকে লোক আসছে। কয়েক হাজার লোক আসছে প্রতি ট্রেনে। দিনে ১০ হাজার করে লোক ঢুকবে। আমাদের আপত্তি নেই সবাই আসুক। তবে সবটাই প্ল্যান মাফিক করতে হবে।” এখানেই শেষ না করে তিনি আরও বলেন, “অনেকেই করোনা নিয়ে আসবে। কিন্তু তাতেও আপত্তি নেই। সবাই আসুক। তাদের যাবতীয় দায়িত্ব আমাদের। তবে কোন গ্রামে কত বাইরের লোক ঢুকতে পারবে তারও একটা সীমা আছে। অনেকে আপত্তিও করতে পারে। সেগুলোও আমাদের দেখে নিতে হবে। সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করে, কোয়ারেন্টিনে রেখে তারপর গ্রামে ঢোকার ব্যবস্থা করব।” পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানো নিয়ে প্রথম থেকেই কেন্দ্র-রাজ্য বিরোধীতা চরমে। তাই এদিন ফের পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গে বলতে গিয়ে নাম না করেই বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “বিরোধী দলগুলি শুধু বিরোধিতা করছে। ওঁদের লজ্জা নেই। শুধু বলছে, লক্ষ-লক্ষ মানুষ ফিরছে। বাসের ব্যবস্থা করুন। ট্রেনের ব্যবস্থা করুন। নিজেরাও কিছু দায়িত্ব নিন না।” রাজ্যে ফিরে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান প্রসঙ্গে এদিন মমতা বলেন, “ওরা ফিরে না গেলে আমরা খুশি হবে। সময় লাগবে। তবে কিছু না কিছু ব্য়বস্থা আমরা ঠিক করব। আমরা আধখানা রুটি খেলে, ওদেরও দেব। গ্রামে প্রচুর কাজ হচ্ছে। সবাই মিলে ভালো করে কাজ করুন। ৬ মাসের কাজ ২ মাসে করুন।”Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

