কলকাতার ইতিহাসে প্রথম, ভোট না হওয়ায় পুরসভায় বসছেন প্রশাসক

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার মতো মহামারীর জেরে আপাতত স্থগিত পুরভোট। পুরসভার বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হতে চলেছে আগামী ৭ মে তথা বৃহস্পতিবার। কিন্তু তারপর কী হবে! তা নিয়ে ইতিমধ্য়েই শুরু হয়েছিল নানান জল্পনা। এবার সেই সমস্ত জল্পনা কাটিয়ে কলকাতা পুরসভায় প্রশাসক বসতে চলেছেন বলে মঙ্গলবার জানিয়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। পুর-পরিষেবা সচল রাখতে আগামী শুক্রবার থেকেই পুরসভায় প্রশাসক বসানো হতে পারে বলে জানা গিয়েছে। 

কিন্তু কে হচ্ছেন প্রশাসক? এবিষয়ে বর্তমান মেয়র জানান, “প্রশাসক কে হবেন, সেবিষয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে আগামী ২-১ দিনের মধ্যে নির্দেশিকা প্রকাশ করা হবে।” তবে আপৎকালীন পরিস্থিতিতে পুরসভার বর্তমান মেয়র ফিরহাদ হাকিমকেই মুখ্যমন্ত্রী প্রশাসকের পদ দিতে পারেন বলে রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে। 

প্রথমে এপ্রিলে পুরভোট হওয়ার কথাকল ছিল। কিন্তু করোনার জেরে ২৫ মার্চ থেকে লকডাউন ঘোষণা করা হয়। আগামী ১৭ মে পর্যন্ত বহাল থাকবে এই লকডাউন। আর এই লকডাউনের প্রভাব পড়েছে পুরভোটেও। যার ফলে কলকাতা পুরসভার ইতিহাসে এই প্রথমবারের জন্য  প্রশাসক বসতে চলেছেন। কলকাতার পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনার ২৫টি, দক্ষিণ ২৪ পরগনার ৪টি, হুগলির ১২টি পুরসভা সহ রাজ্যে আরও ৮৫টি পুরসভার মেয়াদ শেষ হতে চলেছে চলতি মাসে। 

কলকাতা পুরসভায় প্রশাসক বসানো প্রসঙ্গে এদিন ফিরহাদ হাকিম বলেন, “ভোট হচ্ছে না। সেই কারণে প্রশাসক বসানোর সিদ্ধান্ত। কারণ কাজকর্ম তো আটকে রাখা যাবে না। এখন কলকাতা পুরসভার আইন অনুযায়ী প্রশাসক বসানো যায় না। তাই অ্যাডভোকেট জেনারেলের কাছে মতামত চেয়ে পাঠানো হয়েছিল। রিমুভ্যাল অফ ডিফকাল্টিস অ্যাক্ট-এ এই প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কারণ এখন একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে। ভোট করা সম্ভব নয়। সেটা নির্বাচন কমিশন আগেই জানিয়েছে। সুপ্রিম কোর্টও জানিয়েছে। তাই যতদিন পর্যন্ত না ভোট হচ্ছে, ততদিন প্রশাসক কাজ চালাবেন।”

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube