‘আপনারাই দেশের অর্থনীতি’! মদ কিনতে আসা মানুষদের মাথায় পুষ্পবৃষ্টি ব্যক্তির

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণ রুখতে তৃতীয় দফায় লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ২৫ মার্চ থেকে লকডাউনের চলার ফলে অত্যাবশ্যকীয় পণ্য ও জরুরি পরিষেবা ছাড়া বন্ধ রয়েছে প্রায় সবকিছুই। যার জেরে সংকটের মুখে পড়েছে দেশের অর্থনীতি। দেশকে এই সংকট থেকে মুক্ত করার স্বার্থেই তৃতীয় দফার লকডাউনে বেশ কিছু ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছে সরকারের তরফে। যার মধ্য়ে রয়েছে মদের দোকান খোলার সিদ্ধান্ত। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্রের তরফে নেওয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন আর্থিক বিশেষজ্ঞরাও। সোমবার দোকান খোলার পর রেকর্ড বিক্রিও হয়েছে মদের। এরইমধ্য়ে দিল্লির রাজপথে মদের দোকানের সামনে লাইনে দাঁড়ানো ক্রেতাদের উদ্দেশ্য়ে পুষ্পবৃষ্টি করে তাঁদের কৃতজ্ঞতা জানালেন এক ব্যক্তি।

এহেন ঘটনায় তাজ্জব হন অনেকেই। বেশ কয়েকজন আবার পুরো বিষয়টি ভিডিও করেন। সোশ্য়াল মিডিয়ার দৌলতে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে, মদ কেনার জন্য একটি মদের দোকানের সামনে লাইনে দাঁড়িয়েছেন বহু ক্রেতা। যদিও তাঁরা সকলেই সামাজিক দূরত্ব বজায় রেখেই লাইনে দাঁড়িয়েছিলেন। বহুদূর পর্যন্ত বিস্তৃত সেই লাইনে থাকা মানুষের উপর হঠাৎ করেই ফুল ছুঁড়তে শুরু করেন এক ব্যক্তি। একইসাথে ক্রেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁকে বলতে শোনা যায়, ‘সরকারের কাছে তো কোনও টাকা নেই। আপনারাই আমাদের দেশের অর্থনীতি।’ ঘটনাটি ঘটেছে, দিল্লির চান্দের নগর এলাকায়।

সোমবার থেকে গ্রিন জোনের পাশাপাশি অরেঞ্জ ও রেড জোন গুলিতেও মদের দোকান খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র। গত বেশ কয়েকদিন মদ না পেয়ে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল মদ্যপ্রেমীদের। মদের জন্য আত্মহত্যা করার ঘটনাও কম ঘটেনি। এই পরিস্থিতিতে সরকারের মদের দোকান খোলার সিদ্ধান্তে বেশ খুশি সুরাপ্রেমীরা। যার জেরে সোমবার ঘুম ভাঙতে না ভাঙতেই মদের দোকানের সামনে ভিড় জমান সুরাপ্রেমীরা। কোন কোন জায়গায় সামাজিক দূরত্ব না মেনেই শুরু হয় মদ কেনার পালা। ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশদের। জমায়েতের ফলে নতুন করে ফের আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। এই পরিস্থিতিতে মদের দোকানের বাইরে লাইনে দাঁড়ানো ক্রেতাদের মাথায় পুষ্পবৃষ্টি করার বিষয়টিতে বেশ আশ্চর্য হয়েছেন সকলে।

কিন্তু হঠাৎ কেন এমন আজব কান্ড ঘটালেন ওই ব্যক্তি! তাঁর এই ফুল ছোড়ার পেছনে যে কোন ইতিবাচক উদ্দেশ্য ছিলনা, তা স্পষ্ট করেছেন ওই ব্যক্তি। পুষ্পবৃষ্টির মাধ্যমে তিনি সরকারের সিদ্ধান্তকে একপ্রকার কটাক্ষ করেছেন। এই সিদ্ধান্ত যে ঝুঁকিপূর্ণ এবং এর ফলে যে নতুন করে ফের আক্রান্তের সংখ্যা বাড়তে পারে এদিন তা সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য মদের দোকানের বাইলে লাইনে দাঁড়ানো ক্রেতাদের উদ্দেশ্য়ে ফুল ছুঁড়েছেন ওই ব্যক্তি।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube