‘ইউকে থেকে ফিরে কোন পার্টিতে যাইনি’, দাবি উড়িয়ে কনিকাকে নোটিশ পুলিশের

নিউজটাইম ওয়েবডেস্ক : ফের বিতর্কের মুখে বেবি ডল গায়িকা। সম্প্রতি করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছিলেন গায়িকা। মা-বাবার সাথে বেশ খোশ মেজাজে সময় কাটাচ্ছিলেন তিনি। কিন্তু রবিবার সোশ্যাল মিডিয়ায় করা তাঁর একটি পোস্টকে কেন্দ্র করে নতুন করে ফের ঘটল বিপত্তি। এদিন তিনি পোস্টটিতে লেখেন, ব্রিটেন থেকে লখনউতে ফেরার পর  তিনি কোন অনুষ্ঠানে অংশগ্রহন করেননি। এর পরেই বয়ান দিতে থানায় হাজিরা দেওয়ার জন্য কনিকা কাপুরকে নোটিশ পাঠাল লখনউ পুলিশ। 

সোমবারেই কনিকার কাছে পৌঁছায় সেই চিঠি। গায়িকার বিরুদ্ধে ৮৮, ২৬৯ ও ২৭০ ধারায় মামলা দায়ের করা হয়েছে, যার ফলে তাঁকে বয়ান দিতে আসতেই হবে বলে এদিন জানিয়ে দেন কৃষ্ণনগরের এসিপি দীপক কুমার। 

কনিকা কাপুরের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই, নানান বিতর্কে জড়ান গায়িকা। প্রশ্ন তোলা হয় কেন তিনি কোয়ারেন্টাইনে না গিয়ে একাধিক পার্টিতে গিয়েছিলেন? তাঁর বিরুদ্ধে ইউকে থেকে ফিরে ট্র্যাভেল হিস্টোরি গোপন করারও অভিযোগ ওঠে। নানা টালবাহানার পর কনিকাকে হাসপাতালে পাঠানো হলেও তাঁর আচরণে বিরক্ত হয়ে পড়েন চিকিৎসক, নার্স থেকে শুরু করে সমস্ত হাসপাতাল কর্তৃপক্ষ। এবিষয়ে আগেও একাধিকবার নিজের পক্ষে সওয়াল করেছেন কনিকা। এবার ফের সোশ্যাল মিডিয়ায় মুখ খুলতে দেখা গেল তাঁকে। 

রবিবার ইনস্টাগ্রামে করা পোস্টে গায়িকা লেখেন, ‘আমার করোনাযুদ্ধ নিয়ে অনেকেই নানা কথা বলেছেন। তবে আমি সত্যিটা জানাতে চাই।’ একইসাথে তিনি দাবি করেন, ইউকে থেকে ফেরার পর তাঁর শরীরে করোনার কোন উপসর্গ ছিলনা। তিনি যথেষ্ট সুস্থ ছিলেন। লাঞ্চ ও ডিনারেও গিয়েছিলেন তিনি। তবে কোনো পার্টিতে যাননি। এমনকি যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁরা কেউই করোনা আক্রান্ত হননি। একইসাথে এদিন তিনি তাঁর খেয়াল রাখার জন্য হাসপাতালের স্বাস্থ্যকর্মী-নার্স-ডাক্তার ও পরিবারকে ধন্যবাদও জানান।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube