করোনা মোকাবিলায় পুলিশদের পাশে রোহিত, নিজের ৮ টি হোটেল খুলে দিলেন পরিচালক

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে সংকটের মুখে পড়েছে গোটা দেশ। এই পরিস্থিতিতে প্রশাসন থেকে শুরু করে সকলেই একযোগ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। আর সেই তালিকা থেকে বাদ পড়েননি বিনোদন জগতের তারকারাও। এবার দেশের কঠিন পরিস্থিতিতে ফের সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সূর্যবংশীর পরিচালক রোহিত শেট্টি। ইতিমধ্যেই চলচ্চিত্র নির্মাতা রোহিত শেট্টি পাপারাজ্জিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে, তাঁদের আর্থিক ভাবে সহায্য করেছিলেন। এবার তিনি মুম্বই পুলিশের সাহায্যের জন্য খুলে দিলেন তাঁর ৮ টি হোটেলের দরজা। 

করোনার মোকাবিলায় প্রথম সারিতেই রয়েছেন চিকিৎসক স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে পুলিশেরা। তাই দেশের সংকটের দিনে যাঁরা নিঃস্বার্থ ভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত এক করে কাজ করে চলেছেন তাঁদের উদ্দেশ্য়ে এই বিশেষ পদক্ষেপ নিয়েছেন বলিউড পরিচালক রোহিত শেট্টি। মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, “রোহিত শেট্টি আমাদের কর্মরত পুলিশ বাহিনীর বিশ্রাম থেকে শুরু করে স্নান, পোশাক পরিবর্তন, প্রাতরাশ এমনকি রাতের খাবারের জন্য ৮ টি হোটেল খুলে দিয়েছেন”। পরিচালকের এই বিশেষ অবদানের জন্য প্রশংসায় পঞ্চমুখ হয়ে সোশ্যাল মিডিয়াতে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন মুম্বই পুলিশ। 

রোহিত শেট্টি সিংহাম থেকে শুরু করে সিংহাম ২ ও সিম্বা ছবিতে পুলিশ চরিত্রগুলিকেই বারে বারে তুলে ধরেছেন। এমনকি তাঁর পরবর্তী ছবি সূর্যবংশীতেও একজন পুলিশের ভূমিকাতেই দেখা যাবে ছবির প্রধান চরিত্র অক্ষয় কুমারকে। এই ছবিতে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। গত ২৪ মার্চ এই ছবিটি রিলিজ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জেরে বর্তমানে পিছিয়ে গিয়েছে সূর্যবংশী ছাড়াও আরও বেশ কিছু বলিউড ছবির মুক্তির তারিখ। 

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube