করোনা আবহে ডাক্তারদের লড়াই তুলে ধরতেই আসছে বিশ্বনাথের ‘রূপকথা’

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে দ্বিতীয় দফায় চলছে দেশজুড়ে লকডাউন। এই পরিস্থিতিতে গৃহবন্দি সকলেই। তবে দেশের এই সংকটের দিনেও নিঃস্বার্থ ভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত কাজ করে চলেছেন স্বাস্থ্যকর্মীরা। তাঁদের কোয়ারেন্টাইনে থাকার কোন বালাই নেই। দেশের ও দশের মঙ্গলে তাঁরা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছেন। এই মুহূর্তে নিজের ও পরিবারের কথা চিন্তা না করে তাঁদের ওই কর্তব্যকে কুর্নিশ জানিয়েছে দেশের সরকার থেকে শুরু করে সকলেই। এবার চিকিৎসক থেকে শুরু করে সমস্ত স্বাস্থ্যকর্মীদের কঠিন পরিস্থিতির কথা তুলে ধরতে দর্শকদের জন্য নিয়ে আসা হল উইন্ডোজের ‘লকডাউন শর্টস’-এর দ্বিতীয় ছবি ‘রূপকথা’।

৫ মিনিটের এই শর্টফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিশ্বনাথ বসুকে। ছবিতে অবিনেতাকে বলতে শোনা যায়, “যারা অতীতে বিভিন্ন মারণ রোগকে কাবু করেছে, তারা এবারও পারবে যুদ্ধে জিততে। তাই ডাক্তারদের উপর ভরসা রাখুন।” ‘রূপকথা’য় বিশ্বনাথ বসুর বিপরীতে দেখা যাবে তাঁর স্ত্রী দেবীকা বসুকে। একইসাথে এই ছবিতে দেখা যাবে তাঁর দুই পুত্রসন্তান- বিশ্বায়ন ও হিমায়নকে। লকডাউনের জেরে ছবির শ্যুটিং-এর জন্য বেছে নেওয়া হয়েছে বিশ্বনাথের বাড়িটিকেই।

ছবিতে স্বস্থ্যকর্মীদের প্রকৃত ‘হিরো’ হিসাবেই প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। কিভাবে তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী, সন্তান ও পরিবাবের সদস্যদের থেকে নিজেদের আলাদা করে রেখেছেন। ইচ্ছা হলেও সন্তানের মাথায় হাত বুলিয়ে দিতে পারছেননা। তাঁরাই দেশের ও দশের সেবায় দিনরাত লড়ে যাচ্ছেন। কিন্তু এতকিছু করার সত্ত্বেও তাঁদের হেনস্থার শিকার হচ্ছে। সাধারণ মানুষকে এই সময় তাঁদের ওপর ভরসা রাখা উচিত। তাঁরাই এখন আমাদের কাছে ভগবানের আরেক রূপ। ‘রূপকথা’য় এই সব বিষয়েও খানিকটা আলোকপাত করা হয়েছে। 

প্রতিদিন বিকেল ৫ টায় নতুন নতুন সিনেমা নিয়ে হাজির হবে উইন্ডোজ প্রডাকশন। আর এই শর্টফিল্মগুলি দেখতে হলে আপনাকে অবশ্যই যেতে হবে উইন্ডোজের ফেসবুক পেজে। 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube