আরজি কর কাণ্ডের প্রতিবাদে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের ছক! এই ঘটনায় পুলিশের জালে ৩ । ধৃতদের মধ্যে রয়েছেন শুভম সেনশর্মা নামে এক যুবক, তাঁর প্রেমিকা ও প্রেমিকার মা। আটক করা হয়েছে স্বাগত বন্দ্যোপাধ্যায় এবং অরিজিৎ দে নামে দুই যুবককে। ওই গ্রুপের বাকি সদস্যদের খোঁজ করছে পুলিশ।
আরজি কর কাণ্ডে উত্তাল বাংলা । সকলেই নিজেদের মতো করে বিচারের দাবিতে সরব হয়েছেন । বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে । সেখানে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করা হচ্ছে । পুলিশ সূত্রে খবর, এরকমই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলেন সুখেন্দু বন্দ্যোপাধ্যায় নামে এক যুবক । গ্রুপের নাম ‘WE WANT JUSTICE’ । অভিযোগ, ওই গ্রুপেই একটি অডিও ক্লিপ পোস্ট করা হয়েছিল । যেখানে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের ছক করা হয় । ওই অডিও ক্লিপটি পরবর্তীকালে ভাইরাল হয়ে যায় । এরপরই শুভম সেনশর্মা অর্থাৎ যে যুবক অডিওটি গ্রুপে পোস্ট করেছিল, তাঁর খোঁজ শুরু করে পুলিশ ।
তদন্তে নেমে বাঁশদ্রোণী থানার পুলিশ ডানলপ থেকে গ্রেফতার করে শুভম সেনশর্মাকে । টানা জেরায় শুভম দাবি করেন, প্রেমিকার মায়ের কথা শুনেই নাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে অডিওটি পোস্ট করেছিলেন । পুলিশ শুভম, তাঁর প্রেমিকা ও প্রেমিকার মাকে গ্রেফতার করেছে । ওই গ্রুপের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চালাছে পুলিশ । সূত্রের খবর, ওই গ্রুপের মোট সদস্য সংখ্যা ৩৬৩ জন । এই গ্রুপের পিছনে আরও কেউ যুক্ত রয়েছেন বলেই মনে করা হচ্ছে । তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ । ‘WE WANT JUSTICE’ নামে এই গ্রুপটি যিনি তৈরি করেছেন, সেই অ্যাডমিন সহ বেশ কয়েকজনকে জেরা করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

