আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছল সিবিআই । কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্দীপের বাড়ির বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা । রবিবার কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সেখানে দেখা যায় পুলিশের একটি দলও । এলাকা ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । সন্দীপ ঘোষের বাড়িতে প্রবেশ করতে চান তাঁরা । প্রায় সওয়া এক ঘণ্টা অপেক্ষা করিয়ে তাঁদের বাড়িতে ঢুকতে দেন সন্দীপ ঘোষ ।
সিবিআই সূত্রে খবর, সকাল থেকে বারংবার কলিংবেল বাজালেও সাড়া দিচ্ছিলেন না কেউই । সন্দীপের নাম ধরে, দরজায় ধাক্কা দিয়েও ডাকা হয় বেশ কয়েকবার । শনিবারও সন্দীপ ঘোষকে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই । গত ৯ দিনে তাঁকে ১০০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা যায় । এবার তাঁর বাড়িতে পৌঁছে গেলেন কেন্দ্রীয় গোয়েন্দারা ।

রবিবার সকাল ৬টা বেজে ১৫ মিনিটে নিজাম প্যালেস থেকে বেরোয় সিবিআইয়ের প্রতিনিধি দল । ৬টা ৪৫ মিনিটে সন্দীপের বাড়ির বাইরে পৌঁছন কেন্দ্রীয় গোয়েন্দারা । কলিং বেল বাজিয়ে, দরজায় ধাক্কা দিয়েও বাড়ির কাউকে দেখতে পাননি তাঁরা । প্রায় সওয়া এক ঘণ্টা নাম ধরে ডেকেও কোনও লাভ হয়নি । কেউ দরজা খুলতে আসেননি বলেই দাবি করা হয় এদিন । ফোনেও সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলে এদিন ।এরপরই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেন গোটা এলাকা । অবশেষে সওয়া এক ঘণ্টা পর সিবিআইকে বাড়িতে ঢুকতে দেন সন্দীপ ঘোষ । ঠিক কী কারণে কেন্দ্রীয় গোয়েন্দারা সন্দীপ ঘোষের বাড়ির বাইরে হাজির হয়েছেন, তা এখনও স্পষ্ট নয় ।
পাশাপাশি, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের এন্টালির বাড়িতেও পৌঁছে গিয়েছেন সিবিআইয়ের তদন্তকারীরা । এছাড়াও আরজি করের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক দেবাশিষ সোমের কেষ্টপুরের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই । হাওড়ায় আরজি কর মেডিক্যাল কলেজের সাপ্লায়ারের বাড়িতে সিবিআই । হাওড়ার হাটগাছায় বিপ্লব সিংহের বাড়িতে পৌঁছে গিয়েছে সিবিআই ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

